প্রশ্ন-৪১: বিবাহের অনুষ্ঠানাদিতে খঞ্জনী বাজানোর হুকুম কি?
উত্তর : আপত্তি রয়েছে। (ইস্তিফতা)
প্রশ্ন-৪২: হযরত ইমাম খোমেনী (রহ.) এর তাহরীরুল উসিলার ২য় খণ্ডে টেলিভিশন সম্পর্কিত আলোচনার বক্তব্যের প্রতি লক্ষ্য রেখে যেখানে টেলিভিশনের ছবিকে এহতিয়াতে ওয়াজিব অনুযায়ী জীবন্ত মানুষের ন্যায় গণ্য করেছেন প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে কি সরাসরি সম্প্রচার আর ফিল্ম বা ধারণকৃত ছবির মধ্যে কোন পার্থক্য রয়েছে?
উত্তর: যারা হযরত ইমাম খোমেনী (রহ.) এর ইস্তিফতা লিখে থাকেন তাদের কেউ কেউ মত প্রকাশ করেন যে, আলোচ্য মাসআলাটি (টেলিভিশনের) সরাসরি সম্প্রচারের সাথে সম্পর্কিত। আর ধারণাকৃত ছবির হুকুম (স্থির) ছবির ন্যায়। অর্থাৎ, যদি পরিচিত থাকে তাহলে (যৌন) তৃপ্তি ও ফেসাদ ব্যতিরেকে সেদিকে তাকাতে নিষেধ নেই। (ইস্তিফতা)
প্রশ্ন-৪৩: রেডিও টেলিভিশনের সংবাদ পাঠিকাদের সংবাদ শোনা এবং তাদের প্রতি তাকানো কি জায়েজ নাকি জায়েজ নয়?
উত্তর: (যৌন) তৃপ্তির উদ্দেশ্য ব্যতিরেকে হলে আপত্তি নেই। (ইস্তিফতা)
প্রশ্ন-৪৪: টেলিভিশন, সংবাদপত্র কিম্বা অন্যান্য যে কোন স্থানে স্ত্রীলোকদের ছবির প্রতি তাকানোর হুকুম কি?
উত্তর: ছবি এবং ফিল্মের প্রতি তাকানোর হুকুম আর মানুষের প্রতি তাকানোর হুকুম এক নয়। যদি কোন ফেসাদের কারণ না হয় তাহলে (যৌন) তৃপ্তির উদ্দেশ্য ব্যতিরেকে সেদিকে তাকাতে আপত্তি নেই। (ইস্তিফতা)
প্রশ্ন-৪৫: না-মাহরাম পুরুষের জন্যে টেলিভিশনের দেশী-বিদেশী বে-পর্দা স্ত্রীলোকদের প্রতি তাকানোর হুকুম কি?
উত্তর: যদি তাদেরকে না চেনে এবং কোন ফেসাদ না ঘটে তাহলে তাকানো জায়েজ। (ইস্তিফতা)
প্রশ্ন-৪৬: স্ত্রীলোকদের জন্য খেলাধুলার ছবি দেখার হুকুম কি?
উত্তর: (যৌন) তৃপ্তি এবং কু-চিন্তা সহকারে হলে জায়েজ নয়। (ইস্তিফতা)
সুত্রঃ আহকামে মুমিনাত বই থেকে সংগ্রহীত