হযরত আলী (আ.)-এর দৃষ্টিতে হযরত ফাতেমা যাহরা (সা.আ.)

আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর কাছে হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর মর্যাদা ও অবস্থান তাঁর (আ.) দৃষ্টিতে নারীর সম্মান ও অবস্থানকে স্পষ্ট করে। এ বিষয়টি প্রমাণ করে যে, একজন নারী এমন সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হতে পারেন, যা স্বয়ং একজন ইমামের গর্বের কারণ হয়ে ওঠে।
যদিও আমিরুল মুমিনিন (আ.)-এর দৃষ্টিতে হযরত ফাতেমা (সা.আ.)-এর মর্যাদা ও অবস্থান একটি স্বতন্ত্র গবেষণার দাবি রাখে, তবু এখানে সংক্ষেপে এ বিষয়ে কিছু আলোচনা করা হয়েছে, যার মাধ্যমে হযরত যাহরা (সা.আ.)-এর সুমহান মর্যাদা আরও স্পষ্ট হয়ে ওঠে।
হযরত আলী (আ.)-এর মতো মহান ব্যক্তিত্ব হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর জীবনসঙ্গী হতে পেরে গর্ববোধ করতেন। তিনি এ বিষয়টিকে অন্যদের ওপর নিজের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রমাণ হিসেবে তুলে ধরেছেন। এমনকি মুসলিম জাহানের নেতৃত্বদানের ক্ষেত্রে নিজের অধিক যোগ্যতার প্রমাণ হিসেবেও হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর স্বামী হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে কয়েকটি দৃষ্টান্ত নিচে তুলে ধরা হলো।
হযরত ফাতেমা (সা.আ.)-এর জীবনসঙ্গী হওয়া: হযরত আলী (আ.)-এর শ্রেষ্ঠত্বের প্রমাণ
১. মুয়াবিয়ার পত্রের উত্তরে
হযরত আলী (আ.) মুয়াবিয়ার একটি পত্রের উত্তরে নিজের যেসব শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হলো—তিনি হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর জীবনসঙ্গী। তিনি লিখেছেন: ‘বিশ্বের সর্বশ্রেষ্ঠ নারী আমাদের মধ্য থেকে, আর হাম্মালাতুল হাতাব তথা যে দোজখের আগুনের জ্বালানি কাঠ বহন করে [আবু লাহাবের স্ত্রী], সে তোমাদের মধ্য থেকে।’ (সূত্র: বিহারুল আনওয়ার, ৪১তম খণ্ড, পৃ. ১৫১ ও ২২৪।)
২. ছয় সদস্যের পরামর্শ পরিষদে
দ্বিতীয় খলিফা নিজের স্থলাভিষিক্ত নির্বাচনের জন্য ছয় সদস্যের একটি পরামর্শ পরিষদ গঠন করেছিলেন। হযরত আলী (আ.) তাঁদের উদ্দেশে বলেন: ‘তোমাদের মধ্যে কি এমন কেউ আছে, যে বিশ্বের নারীদের নেত্রীর জীবনসঙ্গী?’ তাঁরা সবাই উত্তর দিয়েছিলেন, ‘না।’ (সূত্র: নাহজুল বালাগাহ।)
৩. মুয়াবিয়ার কাছে পাঠানো আরেকটি পত্রে
হযরত আলী (আ.) মুয়াবিয়ার অপর একটি পত্রের উত্তরে লিখেছিলেন: ‘মহানবী (সা.)-এর কন্যা আমার সহধর্মিণী। তাঁর রক্ত ও মাংস আমার রক্ত ও মাংসের সঙ্গে মিশে গেছে। হযরত আহমাদ (সা.)-এর দৌহিত্ররা ফাতেমা (সা.আ.)-এর গর্ভজাত আমার সন্তান। তোমাদের মধ্যে কে আমার মতো এমন বৈশিষ্ট্যের অধিকারী?’ (সূত্র: তাবারসী, আল-ইহতিজাজ, বৈরুত: মুয়াসসাসাতুল আ’লামী লিলমাতবুয়াত, দ্বিতীয় সংস্করণ, ১৯৮৩, ১ম খণ্ড, পৃ. ১৩৫।)
৪. সাকিফার ঘটনার পর নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরে
সাকিফার ঘটনার পর হযরত আলী (আ.) নিজের শ্রেষ্ঠত্বের বিভিন্ন দিক তুলে ধরে এবং মহানবী (সা.)-এর পর মুসলিম সমাজের নেতৃত্ব তাঁরই দায়িত্বে বর্তায়—এ কথা উল্লেখ করে আবু বকরকে উদ্দেশ্য করে বলেন: ‘তোমাকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞাসা করছি, আল্লাহর রাসুল (সা.) যাঁকে তাঁর কন্যার জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করেছেন এবং বলেছেন, মহান আল্লাহ তাঁকে তোমার (আলী) জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করেছেন—সে কি আমি, নাকি তুমি?’
আবু বকর উত্তর দিলেন, ‘তুমি।’ (সূত্র: তাবারসী, আল-ইহতিজাজ, প্রাগুক্ত, ১ম খণ্ড, পৃ. ১২৩।)
হযরত ফাতেমা (সা.আ.): হযরত আলী (আ.)-এর অন্যতম অবলম্বন
মহানবী (সা.) থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে, তিনি হযরত আলী (আ.)-কে উদ্দেশ্য করে বলেন: ‘হে দুই ফুলের পিতা [হযরত যায়নাব ও উম্মু কুলসুম], তোমার ওপর সালাম। অচিরেই তোমার দুটি অবলম্বন তোমার কাছ থেকে চলে যাবে।’ (সূত্র: আল্লামা হাফেজ মুহিউদ্দিন তাবারী, যাখায়েরুল উকবা ফি মানাকিবি যাভিল কুরবা, বৈরুত: দারুল মা’রিফাহ, পৃ. ৫৬।)
মহানবী (সা.)-এর শাহাদাতের পর হযরত আলী (আ.) বলেন, তিনি ছিলেন তাঁর দুটি অবলম্বনের একটি। আর হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর শাহাদাতের পর তিনি বলেন, তিনি ছিলেন তাঁর দ্বিতীয় অবলম্বন।
আল্লাহর আনুগত্যে সহযোগিতাকারী
নবীগণ (আ.) ও নিষ্পাপ ইমামগণ (আ.) মানবজাতির সৌভাগ্য ও সাফল্যকে আল্লাহর আনুগত্যের মধ্যেই নিহিত বলে মনে করতেন। এ কারণেই তাঁদের কাছে সর্বোত্তম বন্ধু ও সহযোগী ছিলেন তাঁরাই, যাঁরা আল্লাহর আনুগত্যের পথে তাঁদের সহযোগিতা করতেন।
একবার মহানবী (সা.) হযরত আলী (আ.)-কে প্রশ্ন করলেন, ‘তুমি তোমার সহধর্মিণীকে কেমন পেয়েছ?’ উত্তরে তিনি বললেন, ‘মহান আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে তিনি সর্বোত্তম সহযোগী।’ (সূত্র: বিহারুল আনওয়ার, ৪৫তম খণ্ড, পৃ. ১১৭।)
হযরত আলী (আ.) হযরত যাহরা (সা.আ.)-এর বাণীর শরণাপন্ন হয়েছেন
‘আরবাআ মিয়াহ’ (চারশত) হাদিসে হযরত আলী (আ.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মৃত ব্যক্তিকে দাফনের জন্য প্রস্তুত করার সময় উত্তম কথাবার্তা বলা উচিত।
মহানবী মুহাম্মাদ (সা.)-এর ওফাতের পর বনু হাশিমের নারীরা হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-কে সান্ত্বনা ও সহযোগিতা করছিলেন। তখন তিনি তাঁদের উদ্দেশে বলেন, ‘এ অবস্থা পরিহার করো এবং দোয়া ও প্রার্থনায় মনোনিবেশ করো।’ (সূত্র: জাওয়াদী আমোলী, যান দার আয়িনেয়ে জালাল ও জামাল, পৃ. ৪২।)
মুসলিম জাহানের শ্রেষ্ঠ নারী হযরত ফাতেমা যাহরা (সা.আ.) মৃত্যুর আগে ওসিয়ত ও কথাবার্তার সময় হযরত আলী (আ.) তাঁকে উত্তরে বলেন: ‘আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি! তুমি এ বিষয়ের চেয়ে অনেক বেশি জ্ঞানী, পরহেজগার, সম্মানিত ও সৎকর্মশীল যে, নিজেকে সংযত রাখার জন্য আমি তোমাকে ভর্ৎসনা করব। তোমার বিরহ ও তোমার শূন্যতা আমার জন্য অত্যন্ত কষ্টের। কিন্তু এ বিষয় থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আল্লাহর কসম! তোমার বিদায় মহানবী (সা.)-এর বিয়োগব্যথাকে আবারও জাগিয়ে তুলেছে। নিঃসন্দেহে তোমার এই মুসিবত অত্যন্ত বড়; কোনো ব্যক্তি বা কোনো কিছুই এর সান্ত্বনা দিতে কিংবা তোমার স্থান পূরণ করতে সক্ষম নয়।’
যদিও হযরত আলী (আ.) ছিলেন একজন মাসুম ইমাম এবং তাঁর সকল কথাই হুজ্জাত তথা দলিলস্বরূপ ও অনুসরণীয়, তা সত্ত্বেও তিনি নিজের বক্তব্যের পাশাপাশি হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর বাণীরও শরণাপন্ন হয়েছেন। এ বিষয়টি হযরত সিদ্দিকায়ে তাহেরা (সা.আ.)-এর ইসমাত তথা নিষ্পাপত্ব এবং তাঁর কথা ও কাজের হুজ্জাত হওয়ার বিষয়টি তুলে ধরে। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, এ ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই।
ফাতেমা (সা.আ.)-এর ক্রোধে মহান আল্লাহ ক্রোধান্বিত হন
হযরত আলী (আ.) মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন: ‘নিশ্চয়ই মহান আল্লাহ ফাতেমার ক্রোধে ক্রোধান্বিত হন এবং তাঁর সন্তুষ্টিতে সন্তুষ্ট হন।’ (সূত্র: কানযুল উম্মাল, মুয়াসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১২তম খণ্ড, পৃ. ১১১।)
হযরত আলী (আ.) মহানবী (সা.)-এর ওফাতের পর হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর শাহাদাতের শোকে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন: ‘এটাই ছিল মহান আল্লাহর ইচ্ছা যে, হযরত যাহরা (সা.আ.) সবার আগে মহানবী (সা.)-এর সঙ্গে মিলিত হবেন। তাঁর চলে যাওয়ার পর আমার ধৈর্য যেন ফুরিয়ে এসেছে এবং আমি ধৈর্য হারিয়ে ফেলেছি। কিন্তু আপনার মৃত্যুতে যেভাবে ধৈর্য ধারণ করেছি, আপনার কন্যার মৃত্যুতেও ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। ধৈর্য ধারণ করা আমার জন্য অত্যন্ত কষ্টকর। তাঁর মৃত্যুর পর আসমান ও জমিন আমার কাছে অত্যন্ত বিরক্তিকর ও বিবর্ণ হয়ে গেছে। আমার অন্তর থেকে দুঃখ কখনো দূর হয় না। আমার চোখে ঘুম নেই, আর দুঃখের আগুনে আমার অন্তর দগ্ধ হচ্ছে। আমি আশা করি, মহান আল্লাহ অতি শিগগিরই আমাকে আপনার সান্নিধ্যে স্থান দেবেন। যাহরার মৃত্যু আমার অন্তরে এমন আঘাত হেনেছে, যা আমাকে ক্লান্ত করেছে এবং আমার বেদনাকে দীর্ঘায়িত করেছে।’
অন্য একটি হাদিসে তিনি হযরত ফাতেমা (সা.আ.)-কে উদ্দেশ করে বলেন: ‘নিশ্চয়ই মহান আল্লাহ তোমার ক্রোধে ক্রোধান্বিত হন এবং তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট হন।’ (সূত্র: কানযুল উম্মাল, প্রাগুক্ত।)
নিজের ইচ্ছার ওপর ফাতেমা (সা.আ.)-এর ইচ্ছাকে প্রাধান্য দেওয়া
হযরত যাহরা (সা.আ.) যখন ইমাম আলী (আ.)-কে নিজের ওসিয়ত করছিলেন, তখন উভয়েই ক্রন্দন করেন। অতঃপর হযরত আলী (আ.) তাঁর মাথা নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেন:
‘তুমি যা কিছু ওসিয়ত করতে চাও, করো। নিশ্চয়ই আমি তোমার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব এবং তোমার নির্দেশ পালন করব। তোমার নির্দেশকে আমি নিজের মতামতের ওপর প্রাধান্য দেব।’ (সূত্র: কানযুল উম্মাল, প্রাগুক্ত।)

Related posts

হযরত ফাতেমা যাহরা (সা.আ.): শাহাদাতের শোকগাথা ও পবিত্র জীবনাদর্শ

হযরত ফাতেমার (আ.) শাহাদত ও আমাদের শিক্ষা

জ্যাতির্বিদ্যার বিকাশে হযরত ইমাম জাফর সাদিকের (আ.) অবদান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More