সূরা তাগাবুনের তাফসীর

ইসলামি বিপ্লবের স্লোগান নবীগণের (আ.) স্লোগানের অনুরূপ
যাইহোক এর চেয়ে কি সুস্পষ্ট আর কিছু হতে পারে? এর চেয়ে কি স্পষ্ট নিদর্শন ও দলিল আর কিছু আছে? আল্লাহর আনুগত্য কর, না ঐ সব অধম ও নিকৃষ্ট ব্যক্তির যাদের না আছে কোনো নীতিবোধ, না আছে জ্ঞান ও প্রজ্ঞা, না আছে শ্রেষ্ঠত্ব ও মর্যাদা, না আছে কোনো বৈশিষ্ট্য। এটাই নবীগণের বাণী ও দিকনির্দেশনা। তাদের আনুগত্য করো না যারা ফেরাউন, হামান , নমরুদ , আবু জেহেল, মানসুর আব্বাসি’র মতো জালিম। এমন আরও নিকৃষ্ট ব্যক্তি যারা আজ পৃথিবীতে মানুষের উপর অত্যাচার, অবিচার, উৎপীড়ন-নিপীড়ন করে; কেন তোমরা তাদের আনুগত্য করবে? এটা নবীগণের (আ.) স্পষ্ট ও অকাট্য নির্দেশনা। সর্বদা নবী-রাসূলদের বিপ্লব ও আন্দোলনসমূহ এবং তাঁদের স্লোগানসমূহও সব সময় এমন স্পষ্ট।
আপনি লক্ষ্য করেছেন, আমাদের ইরানের ইসলামি বিপ্লবের স্লোগান কতটা স্পষ্ট ছিল: স্বাধীনতা; স্বাধীনতা হলো একটি জাতির সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়গুলোর অন্যতম। অর্থাৎ আমরা চাই মার্কিনিরা যাতে আমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নেয়, ব্রিটিশরা যেন কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেয়, কোনো পরাশক্তি যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে কিংবা আন্তর্জাতিক গুপ্তচর সংস্থাগুলো যেন এমন কোনো সাহস না দেখায়। এক কথায় আমরা চাই না যে, তারা আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে। যেমনটি তারা তাগুতি শাহের আমলে করত: এই পণ্য কিনবে, এই অস্ত্র কিনবে, এই আইন পাস করবে, এই পদক্ষেপ নেবে, অমুক দেশের সাথে সম্পর্ক রাখবে, অমুক দেশের সাথে সম্পর্ক ছিন্ন করবে। এ দেশে বহু বছর ধরে মার্কিনিরা নিশ্চিত করেছিল যে, উত্তর আফ্রিকায় একের পর এক যে স্বাধীনতাকামী আন্দোলনগুলো উদ্ভূত হচ্ছিল, তা যেন ইরানি জাতির কাছ থেকে সম্পূর্ণরূপে গোপন থাকে, এমনকি তদানীন্তন ইরানি সরকারও উক্ত আন্দোলনগুলোর বেশির ভাগকেই স্বীকৃতি দেয়নি— বিশেষ করে যেগুলো পশ্চিমাবিরোধী এবং মার্কিনবিরোধী বিপ্লব হিসেবে বিবেচিত ছিল। এ কারণে বছরের পর বছর ধরে মিশরের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না- যেমন: জামাল আবদেল নাসেরের যুগের মিশর; যা অন্যান্য অনেক যুগের তুলনায় আরব জাতির ঐতিহ্য ও আধিপত্যের যুগ হিসেবে বিবেচিত হতো। এটিকে মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে মিশরীয়দের বিপ্লব, আন্দোলন এবং উত্তেজনার সময় হিসেবে বিবেচনা করা হতো। কারণ, এ আন্দোলন মার্কিনবিরোধী চেতনা থেকে উৎস লাভ করেছিল; তাই মিশরের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, আমেরিকানরা এটাই চেয়েছিল। লিবিয়ায় এক বিরাট পরিবর্তন ঘটেছিল; তাদের তাগুত রাজা পালিয়ে গিয়েছিল এবং ইসলামপন্থীরা ক্ষমতায় এসেছিল। কিন্তু বহু বছর অতিবাহিত হওয়ার পর ইসলামি বিপ্লবের পূর্ব পর্যন্ত আমাদের একে অপরের সাথে কোনো সম্পর্ক ছিল না। এমন আরও অনেক দেশ ছিল। তারা আমাদের জাতিকে, আমাদের দেশকে প্রগতিশীল দেশগুলোর সাথে, মুক্তিকামী জাতিসমূহের সাথে এবং পশ্চিমাবিরোধী দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করতে দিত না; কেন? কারণ, মার্কিন সরকার আমাদের বৈদেশিক নীতি নির্ধারণ করত। অবশ্য পৃথিবীতে এমন কিছু জাতি আছে যারা সোভিয়েতদের দ্বারা পরিচালিত হয়। যে কেউ বিদেশ থেকে একটি জাতির ভাগ্য নির্দেশ করে, এ বিষয়টি সে জাতির জন্য অত্যন্ত অপমান ও লজ্জাজনক।
স্বাধীনতার অর্থ হলো আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে। যাদের সাথে সম্পর্ক রাখা আমাদের জন্য লাভজনক মনে হবে তাদের সাথে বাণিজ্য ও লেনদেন বজায় রাখা পক্ষান্তরে যাদের সাথে সম্পর্ক রাখা আমাদের স্বার্থবিরোধী মনে হবে তাদের সাথে সম্পর্কছেদ করা। একইভাবে যেসব চুক্তি আমাদের জন্য কল্যাণকর মনে হবে সে চুক্তিগুলো বাস্তবায়ন করা এবং যে চুক্তিগুলো আমাদের দেশ ও জাতির জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হবে সেসব দ্বিপাক্ষিক চুক্তি থেকে বিরত থাকা জরুরি। যেসব সরকারের সাথেই রাজনৈতিক সম্পর্ক রাখা আমাদের জন্য কল্যাণকর মনে হবে সেসব দেশের সাথে সম্পর্ক বজায় রাখা এবং কল্যাণকর মনে না হলে দূরত্ব রজায় রাখা উচিত। অনুরূপভাবে সাংস্কৃতিক সম্পর্কের ক্ষেত্রেও একই ধারা বজায় রাখা জরুরি। স্বাধীনতার অর্থই হলো এমনটি; অর্থাৎ কেউ আমাদের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না; বরং আমরা নিজেরাই নিজেদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। ইরানে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার পর আজ জাতি নিজেরাই সংসদে প্রতিনিধি নির্বাচন করে, সেই প্রতিনিধিরা আইন প্রণয়ন করেন, সেই প্রতিনিধিরাই আবার সরকার নিয়োগ করেন। দেশের জনগণ আজ সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করে; সেই সরকার ও সেই রাষ্ট্রপতি একসাথে বসে আবার আইন প্রণয়ন করেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করেন। সবকিছুতেই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে। অর্থাৎ জনগণ নিজেই এসব প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত। ব্যাপারটি কতইনা উত্তম। জনগণের উপর কেউ কোনো বিষয় চাপিয়ে দেয় না, না জোর করে জনবিরোধী কোনো আইন পাস করানো হয় কিংবা দেশের সীমানার বাইরে জনগণের উপর কোনো হুকুম জারির সাহসও কারও নেই। বরং বাস্তবিক অর্থে স্বয়ং জনগণই স্বাধীনভাবে তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে সংসদে, সরকারে, নির্বাহী সংস্থা এবং বিপ্লবী প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিয়ে থাকে। এটাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব; এর চেয়ে স্পষ্ট আর কিছু হতে পারে না।
স্বাধীনতা, ইসলামি প্রজাতন্ত্র, না পূর্ব না পাশ্চাত্য, ইসলাম ও কুরআন অর্থাৎ ইসলাম ও কুরআনের পক্ষে অবস্থান নেওয়া এবং ইসলামি সরকার ও কুরআনভিত্তিক হুকুমত প্রতিষ্ঠার দাবি— এগুলো অত্যন্ত স্পষ্ট স্লোগান। নিপীড়িতদের পাশে দাঁড়ানো, নিপীড়িতদের সমর্থনে এগিয়ে যাওয়া— এগুলো হচ্ছে আমাদের স্লোগান; এগুলো এতই সহজবোধ্য স্লোগান যা সর্বস্তরের মানুষই বোঝে। এ কারণেই এ স্লোগানগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো ধরনের বিলম্ব, ব্যাঘাত কিংবা ব্যত্যয় ঘটে, তাহলে লোকদের মধ্যে নানাবিধ প্রশ্ন জাগে; লোকেরা জিজ্ঞাসা করে, এমনটি কেন হলো? এক্ষেত্রে মানুষের এমন নড়েচড়ে বসার কারণ কী? এর কারণ হলো, স্লোগানগুলো খুবই স্পষ্ট। উদাহরণস্বরূপ, যদি কখনও সরকারের কোনো সমস্যার কারণে কোনো শহর-গ্রাম কিংবা কোনো অঞ্চলে সরকারি সেবা পৌঁছাতে বিলম্ব ঘটে তাহলে তাৎক্ষণিকভাবে উক্ত অঞ্চলসমূহ হতে সংসদ প্রতিনিধিদের কাছে জিজ্ঞাসা করা হয়: জনাব, কেন? অমুক শহরে কেন পৌঁছাননি? কেন অমুক গ্রামে পৌঁছাননি? কেন সেখানে গম পৌঁছানো হয়নি? কেন সেখানে চাল পৌঁছানো হয়নি? কেননা, ইসলামি বিপ্লবের গতিপথ ও দিকনির্দেশনা সুনির্দিষ্ট; কাজেই এ বিপ্লব জনগণকে যে প্রতিশ্রুতি ও স্লোগান দিয়েছিল সেগুলোও স্পষ্ট। এ কারণে জনগণ যখন দেখে উক্ত প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে বিলম্ব হচ্ছে কিংবা ব্যত্যয় ঘটছে, তখন তারা জিজ্ঞাসা করে— কেন এটা হলো, কেন ঐটা হলো। অবশ্য সরকারও জনগণের এসব জিজ্ঞাসার জবাব দেয়। বলে— বিলম্বের কারণ এটি ছিল, এ কারণে পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। জনগণও সরকারের যৌক্তিক ব্যাখ্যায় সন্তুষ্টি প্রকাশ করে। এভাবে বিপ্লবী সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতা, আস্থা ও সহমর্মিতার বিষয়গুলো বিদ্যমান থাকে এবং একে অপরের ভাষাগুলো অনুধাবন করে। আর এ অবস্থাকে বলা হয় بَيِّنَاتِ বাইয়্যেনাত তথা স্পষ্টতা ও অকাট্যতা; অর্থাৎ নবীগণের (আ.) স্লোগান ও প্রতিশ্রুতিগুলো যেমন স্পষ্ট, ইসলামি বিপ্লবের স্লোগানগুলোও তেমন স্পষ্ট এবং সকল মানুষের নিকট সহজবোধ্য।

Related posts

সূরা তাগাবুনের তাফসীর

সূরা তাগাবুনের তাফসীর

সূরা তাগাবুনের তাফসীর

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More