আল্লাহর ধর্ম ভালোভাবে বুঝুন যা জ্ঞান ও অন্তর্দৃষ্টির চাবিকাঠি

by Syed Yesin Mehedi

আল্লাহর ধর্ম ভালোভাবে বুঝুন যা জ্ঞান ও অন্তর্দৃষ্টির চাবিকাঠি

মানবজীবনের পূর্ণতা অর্জনের জন্য ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক প্রজ্ঞা অপরিহার্য। ইসলাম ধর্ম শুধু আচার-অনুষ্ঠানের সমষ্টি নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তবে এই জীবনব্যবস্থাকে সঠিকভাবে উপলব্ধি না করলে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করা সম্ভব নয়। ইসলামের ইতিহাসে আহলে বাইতের ইমামগণ জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতার মাধ্যমে মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ রেখে গেছেন। সপ্তম ইমাম মুসা কাজেম (আ.) তাঁর একটি হাদিসে বলেন:
“আল্লাহর ধর্মকে ভালোভাবে বোঝো, কারণ তা জ্ঞান ও অন্তর্দৃষ্টির চাবিকাঠি।”
এই প্রবন্ধে উক্ত বাণীর আলোকে ধর্ম বোঝার গুরুত্ব, ইসলামের দৃষ্টিভঙ্গি এবং সমসাময়িক প্রয়োগ আলোচনা করা হবে।
মূল আলোচনা
ইমাম মুসা কাজেম (আ.)-এর জীবনেরসংক্ষিপ্ত পরিচয়
ইমাম আবুল হাসান মুসা ইবনে জাফর (আ.) জন্মগ্রহণ করেন হিজরি ১২৮ সনে এবং শাহাদাত বরণ করেন ১৮৩ হিজরিতে। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আহলে বাইতের ধারায় সপ্তম ইমাম। তাঁর উপাধিগুলোর মধ্যে কাজেম (রাগ সংবরণকারী), আব্দুস সালিহ (সৎ বান্দাহ) এবং বাবুল হাওয়ায়েজ (সমস্যা সমাধানের দরজা) উল্লেখযোগ্য। অশেষ ধৈর্য ও সংযমের কারণে তাঁকে “কাজেম” বলা হতো।
তাঁর পিতা ইমাম জাফর আস-সাদিক (আ.) ছিলেন ষষ্ঠ ইমাম ও বিশ্ববিখ্যাত ইসলামী মনীষী। পিতার শাহাদাতের পর মুসা কাজেম (আ.) ইমামতের দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় ৩৫ বছর দায়িত্ব পালন করেন। তিনি ইহুদি ও খ্রিস্টান তদের সঙ্গে বহু জ্ঞানমূলক বিতর্কে অংশ নিয়েছেন। মুসনাদ আল-ইমাম আল-কাজেম গ্রন্থে তাঁর তিন হাজারেরও বেশি হাদিস সংকলিত হয়েছে।
ধর্ম বোঝার প্রয়োজনীয়তা
ইমাম মুসা কাজেম (আ.)-এর উক্তি অনুসারে ধর্ম কেবল বাহ্যিকভাবে জানা যথেষ্ট নয়। ধর্মীয় বিধি-বিধানের পেছনের কারণ ও দর্শন বোঝা জরুরি। অন্যথায় তা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে পড়ে। উদাহরণস্বরূপ, যদি বলা হয় “সর্বদা সত্য বলো”, কিন্তু কেন সত্য বলা জরুরি তা অনুধাবন না করা হয়, তবে মানুষ কঠিন পরিস্থিতিতে মিথ্যার আশ্রয় নিতে পারে। অথচ সত্য বলার সামাজিক ও নৈতিক উপকারিতা গভীরভাবে উপলব্ধি করলে মানুষ সর্বাবস্থায় সত্যের প্রতি অটল থাকতে পারে।
ধর্ম ও অন্তর্দৃষ্টির সম্পর্ক
ধর্ম বোঝা অন্তর্দৃষ্টির চাবিকাঠি। এটি মানুষের মনের অন্ধকারে আলোর প্রদীপের মতো কাজ করে। ধর্মীয় জ্ঞান না থাকলে মানুষ সত্য-মিথ্যার পার্থক্য করতে পারে না এবং সহজেই বিভ্রান্ত হতে পারে। অন্যদিকে ধর্মের প্রকৃত উপলব্ধি মানুষকে সচেতন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
ইসলামের দৃষ্টিভঙ্গি
ইসলাম চায় মানুষ যেন চিন্তাশীল ও জ্ঞানী হয়। কোরআন বারবার মানুষকে চিন্তা, গবেষণা ও প্রশ্ন করার আহ্বান জানিয়েছে (কোরআন, ২:২৬৯; ৩৯:৯)। অন্ধ অনুসরণ ইসলামের মূল চেতনার পরিপন্থী। তাই ইমাম মুসা কাজেম (আ.) আমাদের শিক্ষা দেন, ধর্মকে অনুধাবন ও অন্তর্দৃষ্টির সঙ্গে গ্রহণ করতে হবে।
সমসাময়িক প্রাসঙ্গিকতা
আজকের বিশ্বে ধর্ম নিয়ে অনেকের দৃষ্টিভঙ্গি হয়তো কেবল আনুষ্ঠানিকতায় সীমিত থাকে। এর ফলে ভুল ব্যাখ্যা, চরমপন্থা ও অজ্ঞতার প্রসার ঘটে। ইমাম মুসা কাজেম (আ.)-এর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়Ñ ধর্মের আসল শক্তি নিহিত রয়েছে তার অন্তর্নিহিত দর্শন ও প্রজ্ঞায়। তাই শিক্ষা, গবেষণা ও যুক্তিবাদী চিন্তার মাধ্যমেই ইসলামের চেতনা সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব।
উপসংহার
ইমাম মুসা কাজেম (আ.)-এর হাদিসে স্পষ্ট হয়েছে যে আল্লাহর ধর্মকে গভীরভাবে বোঝা মানবজীবনের জন্য অপরিহার্য। ধর্ম কেবল আচার নয়, বরং এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির উৎস। ধর্ম বোঝার মধ্য দিয়েই মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং অন্ধকার থেকে আলোয় উত্তরণ ঘটে। তাই আমাদের উচিত ইসলামের প্রকৃত দর্শন অনুধাবন করে সচেতনতার সঙ্গে জীবন গড়ে তোলা।
রেফারেন্স
১. আল-কুলাইনি, আল-কাফি, তেহরান: দারুল কুতুব আল-ইসলামিয়া।
২. ইবনে শহর আশুব, মানাকিব আলি আবি তালিব, কুম: আল-মাকতাবা আল-হায়দারিয়া।
৩. সাইয়্যিদ ইবনে তাওস, মুসনাদ আল-ইমাম আল-কাজেম।
৪. আল-কোরআন, সূরা বাকারা (২:২৬৯), সূরা আজ-জুমার (৩৯:৯)

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔