ইসলাম তোমাদের হাতে আমানত হিসেবে অর্পিত হয়েছে বর্তমান যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে, ইসলাম তোমাদের হাতে আমানত হিসেবে অর্পিত হয়েছে, তাই এটির সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের। আশাকরি তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধানাবলী যথাযথভাবে মেনে চলার মাধ্যমে নিজেদের ইহকাল ও পরকালকে বরকতময় করে তুলবে। তোমরা গুনীজন ও মনীষীদের প্রতি সম্মান প্রদর্শন করবে। তবে তাদের অর্জিত সফলতা ও কৃতিত্বের পরিধিতে কখনও নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে না। কারণ, জ্ঞানী ও গুণীরা যতই কীর্তিমান হোন না কেন, তাদের অর্জিত অভিজ্ঞতা, তাদের সময় ও পরিবেশের প্রেক্ষিতে যথেষ্ট। কিন্তু সময়ের পরিক্রমায় ও পরিবেশ-পরিস্থিতির ক্রমপরিবর্তনের সাথে সাথে নব নব অভিজ্ঞতার প্রয়োজন দেখা দেয়। অতীত মনীষীদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তোমাদের পথ চলতে সাহায্য করবে। কিন্তু তোমাদেরকেও যুগোপযোগী অভিজ্ঞতার অধিকারী হতে হবে। তোমাদের এ প্রজন্ম এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখী। তোমাদের বিপরীতে রয়েছে কুফরী সাম্রাজ্যবাদ। আমরা সত্যিই এ প্রজন্মের জন্য গর্বিত এবং তাদের সার্বিক সফলতা কামনা করি। তোমরা নিজেদেরকে যে কোন ভুল-ভ্রান্তি হতে মুক্ত রাখবে এবং শত্রুদের চতুর্মুখী ষড়যন্ত্র সম্পর্কে সদা সজাগ থাকবে। আল্লাহর সাথে সর্বদা সুনিবিড় সম্পর্ক বজায় রাখবে এবং কোন অপশক্তির সামনে কখনও মাথা নত করবে না। সর্বাবস্থায় রাসূলে খোদা (সাঃ)-এর মহিমান্বিত জীবনাদর্শকে অনুসরণ করে চলবে।