সূরা তাওহীদের গুরুত্ব

by Syed Yesin Mehedi

নামাযের মধ্যে সূরা হামদের পর কুরআনের অন্যান্য সূরার মধ্য হতে যেকোনো একটি সূরা পাঠ করতে হবে। নামায আদায়কারী ব্যক্তি যে কোনো একটি সূরা নির্বাচন করতে পারে, অবশ্য সেই চারটি সূরা ব্যতীত যেগুলোতে ওয়াজিব সিজদা বিদ্যমান। তবে এ ক্ষেত্রে সূরা তাওহীদের (ইখলাস) প্রাধান্য রয়েছে। আর এ জন্যে একাধিক হাদীসে নির্দেশ এসেছে যে, প্রত্যেক দিবা-রাত্রিতে নামাযের রাকআতগুলির কোনো একটি রাকআতে অন্ততঃপক্ষে একবার এ সূরাটি পাঠ করবে যাতে প্রকৃত নামাযীদের অন্তর্ভুক্ত হতে পার।তাফসীরে বুরহান

গুরুত্বের দিক থেকে অত্র সূরাটি কোরআনের এক তৃতীয়াংশ, এমনকি তাওরাত, ইঞ্জিল ও যাবূরেরও এক তৃতীয়াংশের সমান। শুধুমাত্র নামাযের মাঝেই নয়, বরং নামাযের পরেও যদি অত্র সূরাটি নামাযের তা’ক্বীব হিসেবে পাঠ করা হয় তবে মহান আল্লাহ মানুষকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করবেন।
সূরাটি যদিও ছোট্ট কিন্তু তার ভাবধারা অতি ব্যাপক, যেমন হযরত ইমাম সাজ্জাদ (আ.) বলেন: যেহেতু মহান আল্লাহ জানতেন যে, ভবিষ্যতে সূক্ষ ও গভীর জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের আগমন ঘটবে, তাই তিনি অত্র সূরা এবং অনুরূপভাবে সূরা হাদীদের প্রথম অংশের আয়াতগুলি অবতীর্ণ করেন।
শুধু নামাযের মাঝেই এ সূরা পাঠ করার নির্দেশ দেওয়া হয়নি, বরং এর পুনঃ পুনঃ পঠন, অত্যাচারী ব্যক্তিদের অনিষ্টকে গুটিয়ে দেয় এবং মানুষের গৃহকে দুর্ঘটনা ও বিপদ-আপদ হতে নিরাপত্তা বিধান করে।
সাদ ইবনে মুয়াজ আল্লাহর রসুলের (সা.) অন্যতম বন্ধু ও অন্যতম সেনাবাহিনীপ্রধান ছিলেন যাঁকে জান্নাতুল বাকী গোরস্থানে দাফন করা হয়। তাঁর দাফনানুষ্ঠানে রসুল (সা.) খালি পায়ে অংশগ্রহণ করেন এবং বলেন: সাদের দাফনানুষ্ঠানে আসমান হতে নব্বই হাজার ফেরেশতা আগমন করেছেন। রসুল (সা.) জিবরাঈলকে জিজ্ঞেস করেন: সাদ ইবনে মুয়াজের দাফনানুষ্ঠানে তোমার এবং এ সমস্ত ফেরেশতার আসার কারণ কী? জিবরাঈল উত্তরে বলেন: তিনি কি দাঁড়ানো, কি বসা, কি আরোহণ এবং কি পদযাত্রা -সর্ব অবস্থায়ই সূরা: “কুল্ হু ওয়াল্লাহু আহাদ্” পাঠ করতেন।
এ সূরা অবতীর্ণের কারণ হিসেবে উল্লেখ হয়েছে: ইয়াহুদী, খৃস্টান ও মুশরিকরা রসুলকে (সা.) আল্লাহর ব্যাপারে প্রশ্ন করত, “তোমার খোদাকে আমাদের নিকট পরিচয় করাও!” রসুল (সা.) তাদের উত্তরে এ সূরা পাঠ করেন। মহান আল্লাহর পরিচয়পত্রের স্থানে অত্র সূরাটি অবস্থিত।

( সূত্র :  তাফসীরে নামায গ্রন্থ থেকে)

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔