15
হযরত ফাতেমা যাহরা (আ.) শিশুকাল হতেই স্বীয় দায়িত্ব মনে করে পিতার সার্বিক সাহায্য ও সহযোগিতা এবং সেবা-যত্নে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি শুধু মক্কার কঠিন দিনগুলিতেই পিতার সেবা-যত্নে নিয়োজিত ছিলেন না। বরং স্বীয় সত্তা রাসূলের (সা.) পথে উৎসর্গ করেছিলেন। কারণ তিনি তাঁকে আপন অস্তিত্ব মনে করতেন।
ফাতেমা যাহরা (আ.) সেই ছোট্ট বয়সে পিতা যখন মক্কার অলিতে গলিতে ইসলাম প্রচারের কাজে বের হতেন, তখন তিনি স্নেহময়ী মায়ের মত সব সময় রাসূলের (সা.) খোঁজ-খবর নিতেন। রাসূলুল্লাহর (সা.) জীবন ইতিহাসে বর্ণিত হয়েছেঃ যখন মক্কার মুশরিকরা রাসূলের (সা.) সেজদাবনত অবস্থায় তাঁর উপর উটের পঁচা নাড়ি-ভূড়ি নিক্ষেপ করে তখন ফাতেমা যাহরা (আ.) এসে সেগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করেন।(আইয়ানুশ শিয়া, ১ম খণ্ড, পৃ. ৩১০)
মুসলিম (রহ.) স্বীয় গ্রন্থে ইবনে মাসউদের (রা.) উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেনঃ একদা রাসূল (সা.) কাবা ঘরের নিকটে নামাজ আদায় করছিলেন। আবু জেহেল ও তার দোসররা কিছুদূরে অবস্থান করছিল। সে তাদেরকে বললঃ তোমাদের মধ্যে কে উটের পঁচা নাড়ি-ভূড়ি নিয়ে মুহাম্মাদ যখন সেজদাবনত হবে তখন তাঁর মাথার উপর নিক্ষেপ করবে? মুশরিকদের মধ্যে নিকৃষ্টতম এক ব্যক্তি এ কাজে সম্মত হয়। তারা সবাই অট্টহাসি দিয়ে একে অপরের দিকে তাকাতাকি করছিল। অতঃপর ইবনে মাসউদ (রা.) বলেন ঃ আমি একটি কাপড় কিম্বা অন্য কিছুর সন্ধানে ছিলাম যা দিয়ে রাসূলের (সা.) শরীর হতে পঁচা নাড়ি-ভূড়িগুলো দূরে সরিয়ে ফেলা যায়। তখনও তিনি সেজদাবনত অবস্থাতে ছিলেন। এমন সময় এ খবর ফাতেমা যাহরার (আ.) কানে পৌঁছায়। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অথচ তখনও তিনি ছোট্ট বালিকা ছিলেন। তিনি স্বীয় কচি হাতে পিতার শরীর হতে ময়লাসমূহ পরিস্কার করেন। আর এ গর্হিত কর্মের জন্য কোরাইশ মুশরিকদের প্রতি কঠোর প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। (সহীহ মুসলিম, কিতাবুল জিহাদ ওয়াস্সীরাহ এবং ফাজায়েলুল খামদাহ, ৩য় খণ্ড, পৃ. ১৩০)
উপরোক্ত ঐতিহাসিক ঘটনা হতে এ বিষয়টি প্রতীয়মান হয় যে, ফাতেমা যাহরা (আ.) নিতান্ত শিশুকাল হতেই রাসূলকে (সা.) অসীম স্নেহ-মমতায় সিক্ত করতেন এবং সব সময় তাঁর সেবা-যত্নে বিশেষ মনোযোগী থাকতেন; যাতে স্বীয় পিতার দুঃখ ও দূর্দশা লাঘব হয়। উপরোক্ত ঘটনায় পিতার প্রতি ফাতেমার (আ.) বিশেষ মনোনিবেশের সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে। তিনি পিতার চেহারা মোবারকের প্রতি সর্বদা গভীর দৃষ্টি রাখতেন; যাতে তাঁর মুখ থেকে কোন নির্দেশ উচ্চারিত হওয়ার পূর্বে সামান্য ইঙ্গিতেই যেন তাঁর আদেশাবলী পুঙ্খানুপুঙ্খভাবে সম্পাদন করা সম্ভব হয়।
