ইতিহাসে কিছু ঘটনা আছে যা কেবল একটি সময় বা একটি জাতির সীমায় আবদ্ধ থাকে না; বরং মানবসভ্যতার চেতনায় স্থায়ী আলো জ্বেলে যায়। কারবালার প্রান্তরে সংঘটিত সেই মর্মান্তিক ঘটনা তেমনই এক অধ্যায় যা সত্য ও ন্যায় (হক) এবং অন্যায় ও অসত্য (না-হক)-এর মধ্যে এক স্পষ্ট বিভেদ প্রাচীর নির্মাণ করে দিয়েছে। কারবালার ঘটনা শুধু একটি যুদ্ধ নয়; বরং এটি আদর্শ, নৈতিকতা, আত্মত্যাগ ও সত্যের পক্ষে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত।
ঘটনার মূল: ৬৮০ খ্রিস্টাব্দে (৬১ হি.) ইরাকের কারবালা প্রান্তরে ইসলামের শেষনবী হযরত মুহাম্মদ মোস্তফার (সা.) দৌহিত্র হযরত ইমাম হুসাইনের (আ.) নেতৃত্বে সংঘটিত এই ঐতিহাসিক ঘটনা মানব ইতিহাসে এক অনন্য মোড় এনে দেয়। উমাইয়া খলিফা ইয়াযিদের শাসন ছিল স্বৈরাচার, অন্যায় ও নৈতিক অবক্ষয়ে পূর্ণ। সে নিজ ক্ষমতার বৈধতা অর্জনের জন্য হযরত ইমাম হুসাইনের (আ.) নিকট বায়আত (আনুগত্য) দাবি করে। কিন্তু হযরত ইমাম হুসাইন (আ.) বুঝতে পেরেছিলেন যে, এমন অন্যায় শাসকের প্রতি আনুগত্য স্বীকার করা মানে সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যূত হওয়া। তাই তিনি আপসহীন অবস্থান গ্রহণ করেন।
একই সঙ্গে এ অন্যায় শাসনের বিরুদ্ধে জনগণকে সচেতন করে তুলার লক্ষ্যে হযরত ইমাম হুসাইন (আ.) নিজের বিভিন্ন ভাষণে বলেন: “ইয়াযিদ একজন ফাসিক, মদ্যপ, নিরোপরাধ মানুষকে হত্যা করে, প্রকাশ্যে পাপাচার করে। আমার মত ব্যক্তি তার মত ব্যক্তির হাতে বায়আত করতে পারে না! অন্যথা, এখান থেকেই দ্বীন ইসলামের বিদায়।”
অপর এক ভাষণে তিনি (আ.) কুফা-বসরা অভিমুখে স্বীয় সফরের উদ্দেশ্য সম্পর্কে বলেন: “আমি ফিতনা সৃষ্টি করতে বের হইনি, না জুলুম করতে বা অনর্থ ঘটাতে। আমি আমার নানা হযরত মুহাম্মদের (সা.) উম্মাহর সংশোধনের জন্য বের হয়েছি। আমি চাই সৎকাজের আদেশ দিতে এবং অসৎকাজ থেকে নিষেধ করতে এবং আমার নানা ও পিতা আলী ইবনে আবি তালিবের (আ.) পথ অনুসরণ করতে!”
কারবালার ঘটনা শুরু হয় মদিনা থেকে কুফার উদ্দেশ্যে হযরত ইমাম হুসাইনের (আ.) যাত্রার মধ্য দিয়ে। কুফাবাসীরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল অন্যায় শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য। কিন্তু কুফায় পৌঁছানোর আগেই ইয়াযিদের বাহিনী কারবালায় তাঁকে অবরুদ্ধ করে ফেলে। কয়েক দিন ধরে তাঁকে ও তাঁর পরিবার-পরিজন এবং সঙ্গীদের পানির উৎস থেকে বঞ্চিত রাখে। ফলে, ইমামের (আ.) শিশু ও নারীদের তৃষ্ণার্ত অবস্থায় কাতরাতে দেখা যায় – যা মানবতার ইতিহাসে এক নির্মম অধ্যায়।
১০ই মহররম যা আশুরা নামে পরিচিত, সেই দিন সংঘটিত হয় চূড়ান্ত ট্র্যাজেডি। ইমাম হুসাইনের (আ.) অল্পসংখ্যক সঙ্গী একে একে শহীদ হন। শেষ পর্যন্ত তিনিও শহীদ হন, কিন্তু সত্যের পথ থেকে এক চুলও বিচ্যূত হননি। এই আত্মত্যাগ প্রমাণ করে যে, সংখ্যায় কম হলেও ন্যায়ের শক্তি কখনও পরাজিত হয় না।
এ মিশনের শিক্ষা: কারবালা মিশনের শিক্ষাই হচ্ছে সত্য তথা হকের পথে অবিচল থাকা। সত্য মানে শুধু ধর্মীয় সত্য নয়; বরং এটি ন্যায়বিচার, মানবিকতা, সততা ও আদর্শের প্রতীক। আর অসত্য হচ্ছে অত্যাচার, স্বৈরাচার, লোভ ও অন্যায়ের প্রতীক। কারবালার ঘটনা এই দুইয়ের মাঝে এক অদৃশ্য কিন্তু অটুট প্রাচীর নির্মাণ করেছে। এই প্রাচীর মানুষকে শেখায় -অন্যায়ের কাছে মাথা নত করা নয়, বরং সত্যের পক্ষে দৃঢ় থাকা।
এটি অনুপ্রেরণার উৎস: কারবালা আমাদের আরও শিক্ষা দেয় আত্মত্যাগের মহিমা। ইমাম হুসাইন (আ.) নিজের জীবন, সন্তান-পরিজন, সবকিছু উৎসর্গ করেছেন, কিন্তু আদর্শ বিসর্জন দেননি। তাঁর এই আত্মত্যাগ কেবল মুসলমানদের জন্য নয়; সমগ্র মানবজাতির জন্য অনুপ্রেরণার উৎস। কারণ সত্য ও ন্যায়ের লড়াই কোনো নির্দিষ্ট ধর্ম বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সর্বজনীন।
আজকের সমাজেও এটি প্রণিধানযোগ্য: আজকের সমাজেও কারবালার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। যখন অন্যায়, দুর্নীতি ও অবিচার সমাজে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন কারবালার আদর্শ আমাদের সাহস জোগায়। এটি আমাদের মনে করিয়ে দেয় -সত্যের পথ কঠিন হলেও তা-ই চূড়ান্ত বিজয়ের পথ। হক ও না-হকের এই বিভেদ প্রাচীর আমাদের নৈতিক বোধ জাগ্রত করে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে উদ্বুদ্ধ করে।
এই ঘটনার এক শিক্ষা হচ্ছে ত্যাগ ও ধৈর্য। হযরত ইমাম হুসাইন (আ.) তাঁর পরিবার-পরিজন ও অল্পসংখ্যক সঙ্গী নিয়ে কারবালায় উপস্থিত হন। তীব্র তৃষ্ণা, অনাহার ও অবরোধের মধ্যেও তাঁরা ধৈর্য ধারণ করেন। এই ধৈর্য কেবল শারীরিক কষ্ট সহ্য করার নয়; এটি ছিল আত্মিক দৃঢ়তার প্রকাশ। আজকের যুগে যখন মানুষ সামান্য প্রতিকূলতায় হতাশ হয়ে পড়ে, তখন কারবালার ঘটনা আমাদের শেখায় -আদর্শ ও ন্যায়ের জন্য ত্যাগ স্বীকারই প্রকৃত সফলতা।
কারবালার ঘটনা নারীর মর্যাদা ও সাহসিকতার দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হযরত জয়নাব বিনতে আলী’র (আ.) দৃঢ় অবস্থান ও সত্য ভাষণ কারবালার বার্তাকে ইতিহাসে অমর করে রেখেছে। বন্দিত্ব ও শোকের মধ্যেও তিনি অন্যায়ের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। আজকের সমাজে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে জয়নাব (আ.) এক অনন্য অনুপ্রেরণা।
বর্তমান বিশ্বে বিভাজন, হিংসা ও স্বার্থপরতার যে প্রবণতা দেখা যায়, কারবালার শিক্ষা সেখানে ঐক্য, ন্যায় ও মানবতার বার্তা বহন করে। হযরত ইমাম হুসাইনের (আ.) আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় সত্য কখনও পরাজিত হয় না; সাময়িকভাবে দমিত হলেও শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। তাঁর শাহাদাত ইসলামকে নতুন প্রাণ দিয়েছিল এবং মুসলিম উম্মাহকে জাগিয়ে তুলেছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে।
পরিশেষে বলা যায়, কারবালা কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; এটি একটি চিরন্তন আদর্শ। সত্য-মিথ্যা বা হক ও না-হকের মাঝে যে স্পষ্ট রেখা কারবালা টেনে দিয়েছে, তা যুগে যুগে মানুষের বিবেককে জাগ্রত করবে। ইমাম হুসাইনের (আ.) আত্মত্যাগ আমাদের শেখায় -সত্যের জন্য জীবন দেওয়া যায়, কিন্তু সত্যকে বিসর্জন দেওয়া যায় না। কারবালার প্রান্তর তাই চিরকাল ন্যায়ের বিজয় ও অন্যায়ের পরাজয়ের প্রতীক হয়ে থাকবে।
25
আগের পোস্ট
