জীবন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমাদের করা উচিৎ

by Rashed Hossain

লেখকঃ সোনিয়া নাসরিন

আপনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল। নিজেকে আপনি আবিষ্কার করলেন একটি চলন্ত ট্রেনের মধ্যে। ট্রেনটি দ্রুতবেগে ছুটে চলেছে। আপনার মাথার মধ্যে অনেক চিন্তা উঁকি দিচ্ছে। আমি এই ট্রেনের মধ্যে কিভাবে এলাম? কেনই বা এলাম? কোথা থেকে এলাম? এখন আমি কোথায় আছি? আমার গন্তব্যই বা কোথায়? ট্রেনের মধ্যে যখন আমি এসেই পড়েছি তখন এই মুহুর্তে আমার করণীয় কী? এখন কি আমি বিশ্রাম নেব? চারদিকের সুন্দর দৃশ্য দেখব? খাওয়া-দাওয়ায় মন দেব? নাকি বইয়ের পাতায় চোখ গুজে থাকব? কোন কাজটা এখন আমার জন্য সবচেয়ে ভালো? আরও কত শত প্রশ্ন আপনার মাথায় খেলা করে যাচ্ছে।
আমাদের জীবনটাও অনেকটা এই একই রকম। আমার এই জীবনে আমি কিভাবে এলাম? কেন এলাম? কোথা থেকে এলাম? কোথায় যাচ্ছি? এখন আমার জন্য করণীয় কী? কোন কাজটি আসলে আমার জন্য মঙ্গল বয়ে আনবে? আর কিসেই বা আমার অমঙ্গল? প্রশ্নগুলো অনেকটা একই রকম। আমাদের সবারই এই প্রশ্নগুলোর উত্তর মেলানোর জন্য চেষ্টা করা উচিৎ।
একজন মুসলিম হিসেবে আমি যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করি তবে তা হবে অনেকটা এরকম: গোটা সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে সৃষ্টি করেছেন। তিনি আমাকে এমনি এমনিই সৃষ্টি করেননি। তাঁর ইবাদাত করার জন্যই তিনি আমাকে সৃষ্টি করেছেন, যদিও তিনি আমার ইবাদাতের একেবারেই মুখাপেক্ষী নন। আমি যে তাঁর ইবাদাত করার জন্য মনোনীত হতে পেরেছি এটি আমারই সৌভাগ্য ও সার্থকতা। আমার এই জীবনই একমাত্র জীবন নয়। আমার জন্মের আগে আমি ছিলাম রূহের জগতে। আমার মৃত্যুর পরে আমি থাকব বারযাখের জগতে। এরপরে একসময় শেষ বিচারের জন্য আমাকে পুনরুত্থিত করা হবে। সেই বিচারের পর আমার জন্য অপেক্ষা করছে হয় জান্নাত, নতুবা জাহান্নাম। সেই বিচারের একমাত্র বিচারক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আমাদের আসল গন্তব্য তো সেদিকেই। আমাদের এই জীবনে যদি আমরা আল্লাহকে মেনে চলি তবে আখিরাতের সেই চুড়ান্ত জীবনে আমরা সফলকাম হবো, আর এই জীবনে নিজেদের খেয়ালখুশিমতো চললে সেই জীবনে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না।
কিন্তু আমরা কি আমাদের জীবনটাকে নিয়ে এভাবে ভাবি? আমরা যদি এভাবে ভেবে থাকি তবে তো খুবই ভালো কথা, আল্লাহ একান্তই দয়া করে তাঁর কল্যাণের দরজাসমূহ আমাদের জন্য খুলে দিয়েছেন। তবে শুধু ভাবলেই হবে না। সেভাবে আমাদের জীবনটাকে সাজাতেও হবে। আল্লাহর দিকে এক কদম এগিয়েই দেখুন না, তিনি আপনাকে সাহায্য করবেনই। আর আমরা যদি এভাবে ভেবে না থাকি তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। এতদিন যা হওয়ার হয়েছে, এখনও সময় আছে। আসুন না একটু চেষ্টা করে দেখি। আল্লাহ চাইলে আর মাত্র কয়েকদিন পরে আপনিই হতে পারেন তাঁর প্রিয় এক বান্দা। কুখ্যাত নিজাম ডাকাত যদি মহান নিজামুদ্দিন আউলিয়া হতে পারেন, তাহলে আমি বা আপনি কেন পারব না? আল্লাহ চাইলে অবশ্যই পারব। আমাদেরকে পারতেই হবে।
আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন।#####

সম্পর্কযুক্ত পোস্ট

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
লিংক কপি হয়েছে ✔