ইসলামি চিন্তাবিদদের দৃষ্টিতে দীর্ঘায়ুর প্রকৃত অর্থ
ভুমিকা: মানুষের জীবন আল্লাহ তায়ালার এক অপার নিয়ামত। তিনি প্রতিটি প্রাণীর জন্য নির্ধারণ করেছেন একটি সময়সীমা “আযল মুসাম্মা” যা কখনো আগে বা পরে ঘটে না।
আল্লাহ বলেন “প্রত্যেক প্রাণীকেই মৃত্যু আস্বাদন করতে হবে।” (সূরা আলে ইমরান: ১৮৫)
তবে কুরআন ও আহলুল বায়তের হাদিসে এমন কিছু আমল ও দোয়ার কথা এসেছে, যা মানুষের জীবনে বরকত, শান্তি ও দীর্ঘায়ু এনে দেয়। বিশেষ করে মা-বাবার জন্য এসব আমল করলে তা আল্লাহর রহমত হিসেবে ফিরে আসে।
কুরআনের আলোকে হায়াতের ধারণা
কুরআনুল কারিমে “হায়াত” শব্দটি কেবল জৈবিক জীবনের অর্থে নয়, বরং তা আধ্যাত্মিক জাগরণ ও ঈমানভিত্তিক সজীবতার প্রতীক।
আল্লাহ তায়ালা বলেন “হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের আহব্বান সাড়া দাও, যখন তিনি তোমাদের সেই বিষয়ের দিকে আহব্বান করেন, যা তোমাদের জীবন দান করে।” (সূরা আনফাল: ২৪)
অর্থাৎ প্রকৃত জীবন হলো সেই জীবন, যা আল্লাহর আনুগত্য, দোয়া ও নেক আমলে ভরপুর। যারা নেক কাজ করে, তাদের হায়াত হয় বরকতময় ও প্রশান্ত।
হাদিসে হায়াত বৃদ্ধির উপায়
সদকাহ ও নেক আমল
ইমাম জাফর সাদিক (আ.) বলেন “সদকাহ ও নেক কাজ আজর বৃদ্ধি করে এবং হায়াত দীর্ঘায়িত করে।” (আল-কাফি, খন্ড ২)
রাসূলুল্লাহ ﷺ বলেন “সদকাহ বিপদ দূর করে এবং আয়ু বৃদ্ধি করে।” (তিরমিজি, হাদিস: ৬৬৪)
যা করা যেতে পারে: দরিদ্র ও এতিমদের খাবার দান।
মা-বাবার নামে পানি বিতরণ বা দাতব্য কাজ করা।
মসজিদ ও মাদরাসায় দান।
কুরআন তিলাওয়াত ও নির্দিষ্ট সূরা পাঠ
কুরআনের তিলাওয়াত আত্মাকে জীবন্ত করে, মনকে শান্ত করে এবং জীবনের সময়কে বরকতময় করে।
সূরা রহমান: ইমাম আলী (আ.) বলেছেন “যে ব্যক্তি নিয়মিত সূরা রহমান তিলাওয়াত করবে, তার জীবন হবে শান্তিপূর্ণ ও দীর্ঘ।”
সূরা আনকাবুত (২৯) ও সূরা নূহ (৭১):
ইমাম বাকির (আ.) বলেন “যে নিয়মিত এগুলো পাঠ করে, তার জীবনের কল্যাণ বৃদ্ধি পায়।”
মা-বাবার খেদমত ও সন্তুষ্টি অর্জন
মা-বাবার সেবা ও সম্মানই জীবনের অন্যতম বরকতময় আমল।
ইমাম জাফর সাদিক (আ.) বলেন “যে ব্যক্তি তার মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করে, তার আয়ু বৃদ্ধি হয়।”
রাসূলুল্লাহ ﷺ বলেন “আল্লাহ সন্তুষ্ট হন পিতামাতার সন্তুষ্টিতে, এবং রুষ্ট হন তাদের অসন্তুষ্টিতে।” (তিরমিজি, হাদিস: ১৮৯৯)
অতএব, মা-বাবার সেবা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন, যা জীবনে শান্তি ও দীর্ঘায়ুর কারণ।
যিয়ারত, ইস্তেগফার ও দোয়া পাঠ
ইমাম হুসাইন (আ.)-এর যিয়ারত হাদিসে হায়াত বৃদ্ধির কারণ বলা হয়েছে।
আর কুরআনে ইস্তেগফার সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন “তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের ধন-সন্তান বৃদ্ধি করবেন এবং তোমাদের জীবনকে সমৃদ্ধ করবেন।” (সূরা নূহ: ১০-১২)
অতএব, নিয়মিত ইস্তেগফার মানুষের জীবনকে পবিত্র ও দীর্ঘ করে তোলে।
মা-বাবার জন্য বিশেষ দোয়া
দোয়া ১
অর্থ: “হে আল্লাহ! আমার মা-বাবাকে দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান করুন এবং তাদের জীবন বরকতময় করুন।”
দোয়া ২
অর্থ: “হে আমার প্রতিপালক! আমার মা-বাবার প্রতি রহম করুন, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন-পালন করেছেন।” (সূরা ইসরা: ২৪)
আধ্যাত্মিক বিশ্লেষণ: ইসলামী দৃষ্টিকোণ থেকে “দীর্ঘায়ু” শুধু সময়ের পরিমাণ নয়, বরং জীবনের গুণগত মান ও আত্মার জাগরণের প্রতীক।
ইমাম আলী (আ.) বলেন “মানুষের জীবনের দৈর্ঘ্য নয়, তার কর্মের মহত্ত¡ই তার প্রকৃত হায়াত।”
যে ব্যক্তি সময়কে আল্লাহর পথে ব্যয় করে, তার জীবন মৃত্যুর পরও সওয়াব ও প্রভাবের মাধ্যমে অব্যাহত থাকে।
জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। তবে কুরআন ও আহলুল বায়তের শিক্ষা আমাদের জানায়, কীভাবে জীবনকে বরকতময়, ফলপ্রসূ ও শান্তিপূর্ণ করা যায়। সদকাহ, কুরআন তিলাওয়াত, ইস্তেগফার, নেক আমল এবং বিশেষ করে মা-বাবার সেবা এসবই হায়াতের বরকত বৃদ্ধি করে।
মা-বাবার জন্য দোয়া করা মানে শুধু তাদের জীবনের কল্যাণ চাওয়া নয়, বরং নিজের জন্যও রহমত আহব্বান করা।
“আল্লাহ তায়ালা আমাদের সকলের মা-বাবাকে সুস্থ, দীর্ঘ ও বরকতময় জীবন দান করুন।
আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাঁদের গুনাহ ক্ষমা করে জান্নাতে উচ্চ মর্যাদা দিন।”
আমিন।
533
