হযরত ইমাম হোসাইন (আ.)-এর সুমহান মর্যাদা

কারবালার মহাবিপ্লবের রূপকার ইমাম হোসাইন (আ.) মানবজাতির ওপর ও বিশেষ করে  প্রকৃত মুমিন মুসলমানদের ওপর যে গভীর প্রভাব রাখবেন সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গেছেন স্বয়ং বিশ্বনবী (সা.)। তিনি বলেছেন, ” নিশ্চয়ই প্রত্যেক মু’মিনের হৃদয়ে হোসাইনের শাহাদতের ব্যাপারে এমন ভালবাসা আছে যে, তার উত্তাপ কখনো প্রশমিত হয় না। ” (মুস্তাদরাক আল-ওয়াসাইলখণ্ড-১০পৃষ্ঠা-৩১৮)

হোসাইন আমা হতে আমিও হোসাইন হতে

ইয়ালী বিন মুররাহ্ বলেন,“একবার মহানবী (সা.) আমাদেরকে দাওয়াত করলেন এবং আমরা ঐ দাওয়াতে অংশ গ্রহণ করার জন্য রওয়ানা হলাম। চলার পথে আমরা একটি ময়দানে এসে উপস্থিত হলাম। সেখানে শিশুরা খেলাধুলা করছিল আর তাদের মধ্যে ইমাম হোসাইনও ছিল। শিশুরা আমাদেরকে দেখা মাত্রই আমরা সেখান থেকে না যাওয়া পর্যন্ত খেলাধুলা বন্ধ করে দিল। মহানবী আমাদের সামনাসামনি হাঁটছিলেন। তিনি যখন হোসাইনকে ঐ শিশুদের মাঝে দেখতে পেলেন তখন তাকে দেখে চুমো না দিয়ে থাকতে পারলেন না। তাঁর সাথে লোকজন থাকা সত্ত্বেও সবাইকে দাঁড় করিয়ে রেখে হোসাইনের দিকে গেলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়ালেন। কিন্তু হোসাইন এদিক-ওদিক ছুটোছুটি করতে লাগল। আর এতে মহানবী হাসলেন। অবশেষে তিনি হোসাইনকে ধরে এক হাত তাঁর চিবুকে ও অপর হাত তাঁর মাথায় রাখলেন। এরপর তিনি নিজের গাল হোসাইনের গালের সাথে মিশিয়ে বললেন,

حسین منی و انا من حسین، احبّ الله من احبّ حسینا. الحسین سبط من الاسباط

“হোসাইন আমা হতে আমিও হোসাইন হতে। যে হোসাইনকে ভালবাসবে আল্লাহ্ও তাকে ভালবাসবেন। হোসাইন সৎ কাজের ক্ষেত্রে যেন নিজেই একটি জাতি।”(শেখ সুলায়মান আল-হানাফী আল-কুন্দুযী প্রণীত ইয়ানাবিউল মাওয়াদ্দাহ্,পৃঃ ২৬৪;আল-খাওয়ারিয্মী প্রণীত মাকতালুল হোসাইন,১ম খণ্ড,পৃঃ ১৪৬;ইবনে আসীর প্রণীত আন্-নিহায়াহ্ ফী গারীবিল হাদীস,২য় খণ্ড,পৃঃ ২৩৪।)

মহানবী থেকে বর্ণিত সিব্ত্ (سبط) শব্দের একাধিক অর্থ করা যেতে পারে :

১। হোসাইন সৎ কাজের ক্ষেত্রে যেন নিজেই একটি জাতি অর্থাৎ একটি গোত্র বা জাতির সমান।(ইবনে আসীর প্রণীত আন্-নিহায়াহ্ ফী গারীবিল হাদীস,২য় খণ্ড,পৃঃ ২৩৪।)

২। সিব্ত্ শব্দের অপর অর্থ বিভিন্ন শাখা-প্রশাখায় পল্লবিত বৃক্ষ। আর হোসাইনকে সিব্ত্ বলার অর্থ হচ্ছে,মহানবীর বংশধরগণ হোসাইনের মাধ্যমে বিস্তার লাভ করবে।

৩। এ হাদীসটির অর্থ এও হতে পারে,উচ্চ সম্মান ও মর্যাদার ক্ষেত্রে একটি জাতি যেমন সুউচ্চ আসনের অধিকারী এক্ষেত্রে হোসাইনেরও ঠিক এমনি আসন রয়েছে।

৪। এ হাদীসের অর্থ এমনও হতে পারে,একটি জাতি যেমন পুণ্য ও প্রতিদান পেয়ে থাকে ঠিক তেমনিভাবে ইমাম হোসাইনও মহান আল্লাহর কাছে পুণ্য ও প্রতিদান পাবেন।(পারতাভী আয-আযামাতে হোসাইন,পৃঃ ৩৩।)

মহানবী (সা.) ইমাম হাসান ও ইমাম হোসাইনকে সর্বদা চুমো দিতেন এবং তাঁদের শরীরের ঘ্রাণ নিতেন মহানবী (সা.) ইমাম হোসাইনকে অত্যন্ত ভালবাসতেন এবং স্নেহ করতেন। আর এ ভালবাসা,স্নেহ ও মমতা প্রকাশ করার জন্য তিনি হোসাইনকে চুমো দিতেন এবং এভাবে তিনি আত্মিক প্রশান্তি লাভ করতেন। মহানবী প্রায়ই হযরত ফাতেমাকে বলতেন,“আমার দৌহিত্রদ্বয়কে ডেকে আন,আমি তাদেরকে জাড়িয়ে ধরে তাদের শরীরের ঘ্রাণ নেব।”

কখনো কখনো হোসাইন মহানবীর কাছে আসতেন। তখন তিনি হযরত আলীকে বলতেন,“হে আলী,ওকে ধরো এবং আমার কাছে নিয়ে এসো।”হযরত আলী হোসাইনকে ধরে মহানবীর কাছে নিয়ে আসতেন এবং মহানবী তাঁকে ধরে চুমো খেতেন।

শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও মহানবী (সা.) ইমাম ভ্রাতৃদ্বয়কে বুকে জড়িয়ে চুমো দিয়েছিলেন এবং তাঁদের শরীরের ঘ্রাণ নিয়েছিলেন। আর এ সময় তাঁর দু’চোখ বেয়ে অশ্রু ঝরছিল।(আল-খাওয়ারিয্মী প্রণীত মাকতালুল হোসাইন,১ম খণ্ড,পৃঃ ১০২।) কী হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছিল তখন!!!

মহানবী (সা.) সিজদা দীর্ঘায়িত করেন

একদিন মসজিদে নববীতে জামাতে নামায আদায় করার সময় মহানবীর পাশেই শিশু ইমাম হোসাইন বসেছিলেন। কোন এক রাকাতে মহানবী সিজদা করার জন্য মাটিতে মাথা রাখলেন। আর তিনি এত বেশী সময় ধরে ঐ সিজদায় ছিলেন যে,মুসল্লীরা মনে করলেন সম্ভবত মহানবীর কিছু হয়েছে অথবা তাঁর ওপর মহান আল্লাহর তরফ থেকে ওহী অবতীর্ণ হচ্ছে। নামায শেষে মহানবীকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন,“না,আমার ওপর ওহী অবতীর্ণ হয়নি। তবে আমার দৌহিত্র (হোসাইন) আমার পিঠের ওপর চড়ে বসেছিল এবং আমি তাকে পিঠ থেকে নামাতে চাচ্ছিলাম না। কারণ আমার ইচ্ছা ছিল,সে নিজেই পিঠ থেকে নেমে আসুক।”(ইবনে হাজর আল-আসকালানী প্রণীত তাহযিব আত্-তাহযিব,২য় খণ্ড,পৃঃ ৩৪৬;ফাযায়েলে খামসাহ্,৩য় খণ্ড,পৃঃ ১৯৩।)

হাসান ও হোসাইন মহানবী (সা.)-এর দুটি সুগন্ধি ফুল

মহানবী প্রায়ই ইমাম হাসান ও ইমাম হোসাইনকে বুকে টেনে নিয়ে বলতেন,“সন্তান সুগন্ধি ফুলের মত;হাসান ও হোসাইন আমার দু’টি সুগন্ধি ফুল। তাই এ দু’জনের সুঘ্রাণ গ্রহণ করি।”

আবু আইয়ুব আনসারী (রাঃ) বলেন,“একদিন মহানবীর কাছে গেলাম। হাসান ও হোসাইন তাঁর বগলের নীচে ছিল এবং খেলা করছিল। মহানবীকে বললাম,“আপনি কি এ দু’জনকে ভালবাসেন?” তিনি বললেন,“কিভাবে এ দু’জনকে না ভালবেসে থাকতে পারি আর এরাই তো এ পৃথিবীর বুকে আমার সুগন্ধি ফুল! আর আমি এ দু’জনের সুঘ্রাণ নিয়ে থাকি।”(উসদুল গাবাহ্,২য় খণ্ড,পৃঃ ১৮।)

ইমাম হোসাইন (আ.)  হিজরি চতুর্থ সনের তৃতীয় শা’বান এই ভূপৃষ্ঠে আগমণ করেন এবং ৬১ হিজরীর ১০ মুহররম কারবালা ভূমিতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর এই দৌহিত্র বেহেশতের যুবকদের নেতা ইমাম হোসাইনকে নির্মমভাবে শহীদ করা হয়।

রবীয়াহ্ সা’দী থেকে বর্ণিত আছে : কোন্ কোন্ সাহাবীর মর্যাদা সবচেয়ে বেশী-এ ব্যাপারে জনগণের মধ্যে মতপার্থক্য দেখা দিলে আমি মদীনায় সাহাবী হুযাইফা বিন ইয়ামানের কাছে (প্রকৃত ব্যাপারটি জানার জন্য) গমন করলাম। হুযাইফা আমাকে জিজ্ঞেস করলেন,“তুমি কোথাকার অধিবাসী?” আমি বললাম,“আমি একজন কুফাবাসী।” এ কথা শুনে হুযায়ফা আমাকে স্বাগত জানালেন। আমি বললাম,“সাহাবীদের ফযীলত ও মর্যাদা সম্পর্কে জনগণের মধ্যে যে মতভেদ হয়েছে সে ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করার জন্য মদীনায় এসেছি।” হুযায়ফা বললেন,“তুমি এমন এক ব্যক্তির কাছে এসেছ যার এ ব্যাপারে জ্ঞান রয়েছে। আর তুমি জেনে রাখ,আমি যা শুনেছি,দেখেছি এবং যা আমার অন্তরে আছে কেবল তাই তোমার কাছে বর্ণনা করব।” অতঃপর হুযায়ফা বলতে লাগলেন,“একদিন মহানবী আমাদের কাছে আসলেন। আমি তোমাকে যেমনভাবে দেখতে পাচ্ছি ঠিক তেমনিভাবে আমি মহানবীকে দেখতে পাচ্ছিলাম,তিনি হোসাইন ইবনে আলীকে কাঁধে বসিয়ে হাত দিয়ে তাঁর পা বুকের সাথে লাগিয়ে যেন বলছেন,“জনগণ,আমি ভালভাবেই অবগত আছি,আমার ওফাতের পরে আমার মনোনীত ব্যক্তিদের সম্পর্কে তোমাদের মধ্যে মতপার্থক্য হবে। (তাই শুনে রাখো) এই হোসাইন ইবনে আলীর মাতামহ ও মাতামহী সবার চেয়ে শ্রেষ্ঠ। তার মাতামহ হচ্ছে মুহাম্মদ,যে মহান আল্লাহ্ কর্তৃক প্রেরিত (রাসূল) এবং সর্বশেষ নবী। আর তার মতামহী হচ্ছেন খাদীজাহ্ বিন খুওয়াইলিদ,যিনি পৃথিবীর সমস্ত মহিলার আগেই মহান আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছেন।

এই হোসাইন ইবনে আলীর পিতামাতা সবার চেয়ে শ্রেষ্ঠ। তার পিতা আলী ইবনে আবি তালিব রাসূলুল্লাহর ভাই,সাহায্যকারী,পিতৃব্য পুত্র এবং পৃথিবীর সকল পুরুষের চেয়ে আগে মহান আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে। আর তার মা ফাতেমা যিনি মুহাম্মদের কন্যা এবং পৃথিবীর শ্রেষ্ঠ নারী। এই হোসাইন ইবনে আলী চাচা ও ফুফুর দিক থেকে সবার চেয়ে শ্রেষ্ঠ। তার চাচা আবু তালিবের পুত্র জাফর যাকে দু’টি ডানা দেয়া হয়েছে এবং ঐ দু’টি ডানা দিয়ে বেহেশতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে তিনি উড়ে বেড়ান। আর তার ফুফু আবু তালিবের কন্যা উম্মে হানী। এই হোসাইনই শ্রেষ্ঠ মামা ও খালার অধিকারী। তার মামা কাসিম বিন মুহাম্মদ ও খালা যয়নাব বিনতে মুহাম্মদ।

(মহানবী (সা.)-এর সাহাবীগণের মাঝে তাঁর আহলে বাইতের একটি স্বতন্ত্র ও বিশেষ বৈশিষ্ট্য ও মর্যাদার কারণে আহলে বাইতপন্থী লেখকগণ ছাড়াও আহলে সুন্নাতের প্রখ্যাত আলেম আল্লামাহ্ আবু বকর জাস্সাস তাঁর ‘আহকামুল কোরআন’ গ্রন্থে এবং শাইখ আবদুল হক মুহাদ্দিস দেহলভী তাঁর ‘রাহাতুল কুলুব’ গ্রন্থে মহানবীর (সা.) আহলে বাইতের সদস্যগণের নামের পাশে ‘আঃ’ এবং অন্যান্য সাহাবীগণের নামের পাশে ‘রাঃ’ শব্দটি ব্যবহার করেছেন। অনুরূপভাবে বিশেষ বৈশিষ্ট্যের কারণে হযরত ঈসার (আ.) মাতা হযরত মরিয়ম,হযরত আদমের (আ.) স্ত্রী হযরত হাওয়ার নামের পাশে এবং বিশেষ বিশেষ ফেরেশতাগণের নামের পাশেও ‘আঃ’ শব্দটি ব্যবহার করেছেন। লেখক এখানে এ রীতিটিকেই অনুসরণ করেছেন।)

অতঃপর মহানবী হোসাইনকে কাঁধ থেকে মাটিতে নামিয়ে দিলেন। আর হোসাইন তখন মহানবীর আগে আগে হাঁটছিলেন এবং কখনো কখনো মাটিতে পড়ে যাচ্ছিলেন। মহানবী আবার বললেন,“হে জনগণ,এই হোসাইন ইবনে আলীর মাতামহ,মাতামহী,চাচা,ফুফু,মামা ও খালা বেহেশতে প্রবেশ করবে। আসলে হোসাইনকে যা (যে গুণাবলী ও মর্যাদা) দেয়া হয়েছে তা একমাত্র নবী ইয়াকুবের পুত্র নবী ইউসুফ ব্যতীত আর কোন নবীর সন্তানকেই দেয়া হয়নি।”(মুলহাকাতু ইহ্কাক আল-হক,১১শ খণ্ড,পৃঃ ২৮২;আল্লামাহ্ গাঞ্জী আশ্-শাফেয়ী প্রণীত কিফায়াতুত তালিব গ্রন্থ,পৃঃ ২৭২;রাসূলী মাহাল্লাতী প্রণীত যিন্দেগানী-ই ইমাম হোসাইন (আ.),১ম খণ্ড,পৃঃ ১৬।)

ঠিক এ রকম আরেকটি হাদীস আল্লামাহ্ মুহিব্বুদ্দীন আল্লামাহ বিন আব্দুল্লাহ আত্-তাবারী প্রণীত যাখায়িরুল উকবা ফী মানাকিব-ই যাভীল কুরবা গ্রন্থে (পৃঃ ১৩০) রয়েছে। এ বর্ণনাটির শেষে আরো সংযোজিত হয়েছে,“হে আল্লাহ্,নিশ্চয় তুমি জানো,হাসান,হোসাইন বেহেশতে প্রবেশ করবে এবং তাদের চাচা ও ফুফুও বেহেশতে প্রবেশ করবেন। আর যারা তাদের দু’জনকে ভালবাসবে তারাও বেহেশতী হবে। আর যারা তাদের সাথে শত্রুতা করবে তারা দোযখে প্রবেশ করবে।”

Related posts

পিতা-মাতার প্রতি কর্তব্য: জান্নাত লাভের সহজ পথ

শবে কদরের ফজিলত, মর্যাদা ও প্রাসঙ্গিক কথা

ইমাম হাসান মুজতাবা (আ.)-এর অমিয় বাণী

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Read More