11
আহলে বাইত (আ.)-এর প্রেমিকদের কাছে ১৩ জমাদিউল আউয়াল থেকে ৩ জমাদিউস সানি পর্যন্ত মা ফাতেমার (সা.আ.) শাহাদত দিবস উপলক্ষে বিশেষ শোকের দিন। কেননা কোনো কোনো রেওয়াতে বর্ণিত হয়েছে, মহানবীর (স.) পরলোকগমনের পর মা ফাতেমা (সা.আ.) ৭৫ দিন জীবিত ছিলেন। আবার কোনো কোনো বর্ণনায় ৯৫ দিনের কথা এসেছে। আর এ জন্যই আহলে বাইত প্রেমিকগণ ১৩ জমাদিউল আউয়াল থেকে ৩ জমাদিউস সানি পর্যন্ত বিশ দিন মা ফাতেমার (সা.আ.) শাহাদত দিবস উপলক্ষে শোক পালন করে থাকেন।
হযরত ফাতেমা (সা.আ.) ছিলেন বিশ্বের সকল মুমিন ও মুমিনার জননী। কেননা মহানবী (স.) বলেছেন, “আমি ও আলী এই মুসলিম উম্মতের পিতা।” তাই নবীপত্নীগণ ও হযরত ফাতেমা (সা.আ.) মুসলিম উম্মাহর জননী।
মা ফাতেমা (সা.আ.) পরকালে তাঁর অনুসারীদের শাফায়াত করবেন এবং তিনি হলেন খাতুনে জান্নাত। হাদিসের এই কথাগুলোই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নিচের এই কবিতায় ফুটে উঠেছে।
বিশ্ব দুলালী নবী নন্দিনী
খাতুনে জান্নাত ফাতেমা জননী
মদিনাবাসিনী পাপ ও তাপ নাশিনী
উম্মত তারিণী আনন্দিনী
বিশ্ব দুলালী নবী নন্দিনী
খাতুনে জান্নাত ফাতেমা জননী
সাহারা বুকে মাগো তুমি মেঘমায়া
তপ্ত মরুর বুকে স্নেহ তরু ছায়া
মুক্তি লভিল মাগো তব সুখ পরশে
বিশ্বের যত নারী বন্দিনী
বিশ্ব দুলালী নবী নন্দিনী
খাতুনে জান্নাত ফাতেমা জননী
অতএব, বিশ্বের সকল মুমিন ও মুমিনার জননী, শাহিদাহ, যাঁর জীবন ছিল অলোকিকত্বে ভরপুর, সেই ঐশী নারীর পিতা ছিলেন সৃষ্টিজগতের শ্রেষ্ঠ অস্তিত্ব রাহমাতুললিল আলামিন, যাঁর সন্তানদ্বয় ইমাম হাসান (আ.) ও ইমাম হোসেন (আ.) বেহেশতবাসী যুবকদের সর্দার, যিনি নিজেই বেহেশতবাসী নারীকুলের সম্রাজ্ঞী, যাঁকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। তাঁর শাহাদত ও ক্ষণিকের এ জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য অনেক শিক্ষা। তাই আজ যদি আমরা মা ফাতেমার (আ.) জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজ জীবনচর্চা করতে পারি, তাহলে মহানবীর আদর্শের আলোতে আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবন আলোকিত হয়ে উঠবে।
মা ফাতেমার (সা.আ.) শাহাদতের মধ্যে যে গুপ্ত রহস্যগুলো লুকিয়ে রয়েছে, যা ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবন গঠনের মূলশক্তি হিসেবে পরিচিত, আজ আমরা এখানে সে বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব।
মা ফাতেমা (আ.) বিশ্ববাসীর কাছে একটি নীরব প্রশ্ন রেখে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সেই প্রশ্নটির মধ্যে আমাদের প্রত্যেকের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে। আর এ শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে নিজের পারলোকিক জীবনসহ পার্থিব জীবন ও আদর্শ সমাজ গড়ার শক্তি খুঁজে পাব। আর যদি শিক্ষা নিতে ব্যর্থ হই, তাহলে ইতিহাসের দুঃখজনক অধ্যায়ের পুনরাবৃত্তির জাঁতাকলে নিষ্পেষিত হবে আমাদের জীবন ও জাতির ভবিষ্যৎ। ফলে মানবজাতির দুশমন ও ইবলিস শয়তানের রাজত্বের পরিধি বিস্তার লাভ করবে এবং মুমিন ও মুসলিম সমাজ ধ্বংসের মুখে পতিত হবে।
মূলত প্রশ্ন হলো, মা ফাতেমাকে (সা.আ.) এই অল্প বয়সে জীবন দিতে হলো কেন?
কেন তাঁর গৃহে হানা দেওয়া হয়েছিল?
কেন তিনি অসিয়ত করে গেলেন, রাতের আঁধারে ও গোপন স্থানে যেন তাঁকে দাফন করা হয়?
মহানবীর (স.) ঐশী মিশন বাস্তবায়নের ক্ষেত্রেও সে যুগে যে চক্রটি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, তার প্রমাণ সূরা তওবার ১০১ নম্বর আয়াতে মহান প্রতিপালক ফাঁস করে দিয়েছেন। মহান আল্লাহ বলেন: “তোমাদের চারপাশে থাকা মরুবাসীদের (আরবদের) মধ্যকার একটি দল হচ্ছে মুনাফিক এবং মদিনাবাসীদের মধ্যেও অনেকে কপটতায় সিদ্ধ। তুমি তাদের চেনো না। আমি তাদের চিনি। অচিরেই আমি তাদের দুইবার শাস্তি দেব। পরে তাদের আরও মহাশাস্তির জন্য ফিরিয়ে আনা হবে।” (৯:১০১)
অতএব, মহানবীর যুগ থেকেই একটি দল সুসংগঠিতভাবে মহানবীর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা সুযোগের অপেক্ষায় ছিল। তারাই মহানবীর পরবর্তী সময়ে ইসলামের ইতিহাসে মহানবীর আদর্শকে ভুলে গিয়ে একের পর এক মহাবিপর্যয় ডেকে এনেছিল এবং বনি সাকিফার ঘটনা, মা ফাতেমার (সা.আ.) গৃহে আগুন দেওয়ার ঘটনাসহ কারবালার ঘটনার মতো অতি নিকৃষ্ট ঘটনাসমূহ ইতিহাসে সৃষ্টি করেছিল। মা ফাতেমার (সা.আ.) সম্পত্তি বাগে ফাদাক ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তারা নিজেদের নেকাব উন্মোচন করেছিল।
সেই সত্য লুণ্ঠনকারীদের মা ফাতেমা (আ.) তাঁর বিভিন্ন পদক্ষেপ ও ছোট একটি অসিয়তের মাধ্যমে বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে দিয়ে গেছেন। তৎকালীন যুগের কপট ও ভণ্ড নবীপ্রেমিক, যারা গাদীরে খুমে রাসূলের (স.) অসিয়তকে, মা ফাতেমার (সা.আ.) বাগে ফাদাককে এবং আহলে বাইতের (আ.) সম্মানকে পদতলে পিষ্ট করেছিলেন, তাদের সকলের মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দিয়েছেন। মা ফাতেমা (সা.আ.) উন্মুক্ত করে দিয়েছেন তাদের নখরগুলো। তারা যে কতখানি ভয়ংকর ও হিংস্র ছিল, তা তিনি স্পষ্ট করে দিয়ে গেছেন। ইসলামের ইতিহাসের সেই লুকায়িত চরম সত্যকে মা ফাতেমা (আ.) আমাদের কাছে উন্মোচিত করে দিয়ে গেলেন তাঁর করুণ শাহাদতের মধ্য দিয়ে।
উপরে উল্লিখিত পবিত্র আয়াতটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, মহানবীর পাশে থাকলেই কেউ আদর্শপুরুষ নন। বরং মহানবীর আদর্শ বা সিরাত অনুসরণের মাধ্যমে সাহাবি পরিভাষা সংজ্ঞায়িত হওয়া উচিত। অথচ ইতিহাসে সাহাবি পরিভাষার মিথ্যা সংজ্ঞা দিয়ে মহানবীর (স.) আদর্শবিরোধী ও আহলে বাইতের (আ.) শত্রুদের পাপমোচনের অপচেষ্টা করা হয়েছে। মা ফাতেমা (সা.আ.) তাদের অপচেষ্টা ও মহানবীর কপট অনুসারীদের নেকাব খুলে দিয়েছেন। কেননা মহানবীর (স.) অবর্তমানে সত্য-মিথ্যা নির্ণয়ের একটি বিশুদ্ধ মাপকাঠি ছিলেন হযরত ফাতেমা (সা.আ.)। মহানবী (স.) বলে গেছেন, “ফাতেমা আমার দেহের অংশ। যে তাঁকে কষ্ট দেয়, সে আমাকেই কষ্ট দিল। আর যে আমাকে কষ্ট দিল, সে মহান আল্লাহকে রাগান্বিত করল।”
কিন্তু আফসোস! মহানবীর (স.) পরলোকগমনের পর মা ফাতেমার (সা.আ.) সঙ্গে তথাকথিত সাহাবিদের আচরণের ভিত্তিতে স্পষ্ট হয়ে ওঠে যে, কারা মহানবীর (স.) আদর্শের প্রকৃত অনুসারী ছিলেন আর কারা সুবিধাবাদী অনুসারী বা কপট সাহাবি ছিলেন।
কিন্তু প্রশ্ন হলো, মদিনায় এত মুসলমান বসবাস করা সত্ত্বেও কেন মা ফাতেমাকে (আ.) শহীদ হতে হলো?
কেন ইতিহাসের সর্বাধিক শক্তিশালী, জ্ঞানী ও আবেদ মানুষ মাওলা আলী (আ.)-এর গলায় দড়ি বেঁধে তাঁকে টেনে নিয়ে যাওয়া হলো?
কেন জনগণের পক্ষ থেকে আশানুরুপ কোনো প্রতিবাদ আসেনি?
কেন মা ফাতেমার (আ.) গৃহে, যেখানে আল্লাহর ওহি নাজিল হয়েছিল, সেখানে আগুন জ্বালানো হলো?
জানি না, আমার প্রশ্নগুলো আপনারা বুঝতে পেরেছেন কি না। প্রকৃতপক্ষে মা ফাতেমা (আ.) নিজেই এ প্রশ্নগুলো আমাদের কাছে উত্তরের জন্য রেখে গেছেন। তিনি চেয়েছেন, তাঁর অনুসারীরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবেন।
নিঃসন্দেহে আপনারা জানেন, যখন মহানবীকে (স.) দাফন না করেই তথাকথিত সাহাবিরা রাষ্ট্রীয় ক্ষমতা ভাগাভাগি করতে বনি সাকিফায় চলে গেলেন, তখনই মা ফাতেমা (আ.) মদিনায় প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে দরজায় কড়া নেড়ে ডেকে বলেছিলেন, “তোমরা কি জানো না, গাদীরে খুমে আমার বাবা রাসূলুল্লাহ তাঁর উত্তরসূরি মনোনীত করে গিয়েছিলেন? আপনারা কি জানেন না, আবুল হাসানকে তাঁর পরবর্তী খলিফা মনোনীত করে গেছেন? আপনারা কি জানেন না…!”
আপনারা কি জানেন, সেদিন সদ্য পিতৃহারা মা ফাতেমাকে (আ.) তাঁরা কী জবাব দিয়েছিলেন?
“ওহে উম্মে হাসান! আমরা কিছু করতে পারব না। তুমি দেরি করে ফেলেছ। এখন আমাদের আর কিছুই করার নেই!
তুমি ফিরে যাও, নতুবা আমরা সমস্যায় পড়ব!”
শুধু তাই নয়, সেদিন মদিনাবাসী মা ফাতেমাকে (আ.) তাদের কাছে আসতে দেখে ঘরের দরজা-জানালা ঘটঘট করে বন্ধ করে দিয়েছিলেন, যাতে তাঁর করুণ ফরিয়াদ শুনতে না হয়! মা ফাতেমার (আ.) কান্নার আওয়াজ শুনে কেউই জিজ্ঞাসা করতে আসেননি, কেন তিনি এত কাঁদছেন?
তারা জানতেন, ইসলামকে বিপদগ্রস্ত দেখেই তিনি কাঁদছেন। এ কান্না শুধু পিতা হারানোর কান্না নয়! বরং এ প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি কাঁদছেন যে, আল্লাহর দ্বীনকে তথাকথিত সাহাবিদের দ্বারা পয়মাল করা হচ্ছে, আর তিনি তা রক্ষায় কিছুই করতে পারছেন না!
এটা ছিল ইসলামের ভবিষ্যৎ ও রাসূলের অসিয়ত ভূলুণ্ঠিত হওয়ার আক্ষেপের কান্না। আর এ জন্য তিনি যত দিন বেঁচে ছিলেন, একাধারে এ দৃশ্য দেখে কেঁদে গেছেন!
এর মূল কারণ কী?
কেন ইসলামের ইতিহাসের প্রথম যুগেই এ জাতীয় মহাবিপর্যয় ঘটল?
কেন মহানবীর হাতে দীক্ষা লাভকারী মুসলমানরা হঠাৎ করে পিছুটান দিলেন? কারবালার খুনে রাঙা পথের সূচনা এখান থেকেই ঘটেছিল! অন্যায়ের মোকাবিলায় দুর্বল ঈমানদারদের নীরবতা জালিমের অপরাধের পথকে সুগম করে দিয়েছিল। সেদিন যদি প্রতিবাদ করে অন্যায়কারীদের রুখে দেওয়া হতো, তাহলে কারবালার তিক্ত ইতিহাস হয়তো রচিত হতো না।
আমরা যদি এর মূল কারণগুলো চিহ্নিত করতে সক্ষম হই, তাহলে মা ফাতেমার (আ.) অবস্থা সম্পর্কে জানতে পারব এবং রাসূলের আদর্শ রক্ষায় আমাদের দায়িত্ব কী, তা চিহ্নিত করতে সক্ষম হব।
এই চরম হৃদয়বিদারক ঘটনার মূলে তিন শ্রেণির মানুষ ছিলেন চরম অপরাধী। শুধু সেদিনই নয়, যুগে যুগে এ জাতীয় মানুষদের যথাসময়ে নিজ দায়িত্ব পালন না করার অপরাধের কারণে ধ্বংস হয়েছে বহু জনপদ, হারাতে হয়েছে অসংখ্য মহাপুরুষকে এবং বিনষ্ট করা হয়েছে তাঁদের মূল্যবান জীবনের শত পরিশ্রম। অতএব, এ বিষয়টি অতিশয় গুরুত্বপূর্ণ। তাই সকলের মনোযোগ কামনা করছি।
এ জাতীয় ঘটনা সৃষ্টির মৌলিক কারণসমূহ:
এক. প্রত্যেক সমাজে এমন কিছু মানুষ থাকেন, যাঁরা তাঁদের চোখের সামনে অন্যায় বা অপরাধমূলক কাজ ঘটলেও নিষ্ক্রিয় থাকেন। তাঁদের নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধীরা অন্যায় কাজের অনুপ্রেরণা পেয়ে থাকে। এ লোকগুলো যথাসময়ে সঠিক ভূমিকা পালন করলে অন্যায়কারীরা এতখানি উদ্ধত হতে পারত না এবং তাদের নীলনকশা মাঠেই মারা যেত। কিন্তু সমাজে বিচক্ষণতার অভাব ও দুনিয়ার মোহ জনগণকে প্রতিরোধের পথে নিস্পৃহ করে দেয়। ফলে তাঁরা একদিকে ইসলামের একটি মূল ফরজ দায়িত্ব, সৎকাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ পরিত্যাগ করেন, আর অন্যদিকে সমাজে অপরাধের মাত্রা বৃদ্ধিতে সহযোগিতা করেন। মহান আল্লাহ এ জাতীয় লোকদের প্রতি অভিশাপ দিয়েছেন: “বনি ইসরাঈলের মধ্যে যারা কুফরি করেছে, তাদের দাউদ ও মারইয়ামপুত্র ঈসার মুখে লানত করা হয়েছে। তা এ কারণে যে, তারা অবাধ্য হয়েছে এবং তারা সীমালঙ্ঘন করত।” (সূরা মায়েদা, ৭৮)
“তারা পরস্পরকে অন্যায় কাজে নিষেধ করত না। তারা যা করত, তা কতই না মন্দ!” (সূরা মায়েদা, ৭৯)
অতএব, সৎকাজের আদেশ ও অন্যায় কাজের নিষেধ যদি কেউ না করে, তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ তাদের প্রতি অভিশাপ দেন। তাই প্রতিটি ক্ষেত্রে হিকমতের সঙ্গে এ দায়িত্বটি আমাদের জীবনের সঙ্গে বেঁধে নিতে হবে।
দুই. সমাজের সবাই কিন্তু বেদ্বীন নয়। কিন্তু কিছু শয়তান লোক তাদের চক্রন্তমূলক অভিসন্ধি বাস্তবায়নের জন্য মিথ্যা গুজব ও নানা অপপ্রচার করে থাকে। আর এই গুজবের প্রভাবে দুর্বল ঈমানের মানুষেরা প্রভাবিত হয়ে একজন ভালো ও আদর্শবান মানুষের প্রতি বিরুপ ধারণা পোষণ করতে থাকে এবং ওই ভুল ধারণাগুলো তারা মনের মধ্যে লালন করতে থাকে। আর যখনই ওই যোগ্য লোকটি কোনো চক্রান্তের শিকার হন, তখন ওই দুর্বল ঈমানের লোকগুলো ষড়যন্ত্রকারীদের পক্ষে চলে যায়। ফলে আদর্শ মানুষ হলেও তিনি কঠিন মুহূর্তে নিঃসঙ্গ ও একাকী হয়ে পড়েন।
আর এ জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে: “হে মুমিনগণ, তোমরা অনেক সন্দেহ থেকে নিজেদের রক্ষা করো। নিশ্চয় কতক সন্দেহ গুনাহ। এবং কারও গোপনীয় বিষয় অনুসন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করাকে পছন্দ করে? বস্তুত, তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু।” (সূরা হুজুরাত, ১২)
অতএব, আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই, সমাজ সংশোধনের জন্য কেউ অগ্রসর হলেই সমাজের কিছু স্বার্থপর ও হিংসুক মানুষ তাঁর বিরুদ্ধে কুৎসা ও ভিত্তিহীন অপবাদ ছড়াতে থাকে। ফলে যারা অপবাদ ছড়ায়, তারা সমাজের কোনো উন্নয়নমূলক কাজ তো করেই না, আর যিনি করতে চেয়েছিলেন, তাঁকে বাধাগ্রস্ত করার ফলে সমাজের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয় না। আর এভাবে ধীরে ধীরে সমাজের মানুষেরা আত্মিক ও নৈতিক দিক থেকে দূরে সরে যায়। ফলে সমাজ অপকর্মে ভরে যায়।
মিথ্যা অপবাদ ও ভিত্তিহীন সন্দেহের কারণে একজন যোগ্য মানুষের ব্যক্তিত্বকে হত্যা করা হয়। ফলে সমাজ তাঁর সুফল থেকে উপকৃত হওয়ার সুযোগ হাতছাড়া করে। আর এ জন্যই আমরা ইতিহাসে দেখতে পাই, ইমাম আলী (আ.)-এর বিরুদ্ধে এতটা অপবাদ দেওয়া হয়েছিল যে, তিনি যখন মসজিদে শহীদ হলেন, তখন এ খবর শুনে দামেস্কের লোকেরা বলতে লাগল, “আলী কি নামাজ পড়তেন? তিনি মসজিদে কী করতে গিয়েছিলেন?”
আর এ জন্যই কোরআন ও হাদিসের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপ হলো গিবত বা অন্যের ব্যক্তিত্বকে ছোট করার জন্য পরচর্চা করা। অতএব, আমাদের কারও উচিত নয় পরনিন্দায় লিপ্ত হওয়া বা কান দেওয়া। কেননা এই অপরাধগুলো সমাজকে ধ্বংস করে ফেলে।
তিন. ব্যক্তিস্বার্থ উদ্ধার বা নিজ স্বার্থ রক্ষার জন্য কিছু মানুষ সত্যকে জানার পরও অন্যায়ের পক্ষ অবলম্বন করে থাকে। অর্থাৎ সত্যের ওপর বিপদ অনুভব করলেও পার্থিব স্বার্থের কারণে এগিয়ে আসে না। এমনকি ব্যক্তিস্বার্থের কারণে অন্যায়কারীদের পক্ষ অবলম্বন করতেও তারা দ্বিধাবোধ করে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ হযরত মুসা (আ.)-এর একটি ঘটনা এভাবে তুলে ধরেছেন যে, যখন হযরত মুসা (আ.) তাঁর জাতিকে শত্রুর বিরুদ্ধে সংগ্রামে যাওয়ার আহ্বান করলেন, তখন তারা আল্লাহর নবীকে বলল, “হে মুসা! তুমি আর তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম।”
“তারা বলল, হে মূসা, আমরা জীবনে কখনো সেখানে যাব না, যতক্ষণ তারা সেখানে থাকবে। অতএব, আপনি ও আপনার পালনকর্তাই যান এবং উভয়ে যুদ্ধ করে নিন। আমরা তো এখানেই বসে রইলাম।” (সূরা মায়েদা, ২৪)
অতএব, কোনো সমাজ যদি এই তিন প্রকার নৈতিক রোগে আক্রান্ত হয়, সে সমাজ অন্ধকারে তলিয়ে যাবে, আলোর মুখ দেখতে পাবে না।
আল্লাহর রাসূল (স.) মাত্র কয়েক মাস পূর্বে বিদায় হজের ভাষণে গাদীরে খুমের ময়দানে আনুষ্ঠানিকভাবে ইমাম আলী (আ.)-কে নিজের উত্তরসূরি মনোনীত করে গেলেন। আর পরলোকগমনের সঙ্গে সঙ্গে রাসূলের (স.) সেই উম্মতই মহানবীর অসিয়তকে ফেলে রেখে ভোটাভুটি করতে বনি সাকিফায় চলে গেলেন। কিন্তু কেউই তাঁদের এই অন্যায় কাজের প্রতিবাদ করেননি!
সবারই পিতা মারা যান, এটাই স্বাভাবিক। নবীকন্যাও জানতেন। তাই শুধু পিতা হারানোর বেদনায় আমরণ তিনি কেঁদে যাবেন, এ কথা বিশ্বাস করা যায় না। মদিনাবাসীর সবাই জানতেন, তিনি কেন কাঁদছেন। আর এ কারণেই তাঁদের কেউ সান্তনা দিতেও আসেননি। কেননা তাঁরা বুঝতে পেরেছিলেন যে, নবী পরিবারের ওপর আরোপিত অন্যায়ে তাঁদের ভূমিকা ছিল অপরাধীদের পক্ষে! কী সান্তনা দেবেন তাঁরা?
উল্লিখিত তিন শ্রেণির মানুষের প্রতি মহান আল্লাহ ক্রোধান্বিত। আল্লাহ বলেন: “(আল্লাহর ক্রোধের) কারণ হলো, তারা এই পৃথিবীর জীবনকে পরকালীন জীবনের চেয়ে বেশি ভালোবাসে। যারা ঈমান ত্যাগ করে, আল্লাহ তাদের হেদায়েত করবেন না।” (১৬:১০৭)
“এরাই তারা, যাদের হৃদয়, কান এবং চোখে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তারাই (সত্য সম্পর্কে) উদাসীন।” (১৬:১০৮)
“নিঃসন্দেহে তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে।” (১৬:১০৯)
মানবসৃষ্টির শুরু থেকেই এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলো চিরাচরিত মহান আদর্শ বাস্তবায়নের পথে বাধা হিসেবে কাজ করে এসেছে এবং শেষ পর্যন্ত এই ধারা চলতে থাকবে। আত্মিক উন্নতি ও বুদ্ধিবলে ওই সব শয়তানি জালের পরিবেষ্টন ছিন্ন করতে না পারলে কোনো সমাজই আলোকিত ভবিষ্যৎ সৃষ্টি করতে পারবে না। তাই যুবসমাজকে আজ সমাজ গড়ার তাগিদে সৎকাজের আদেশ ও সৎকাজের পক্ষে থাকার প্রতিজ্ঞা করতে হবে। আর অন্যায়ের সঙ্গে না থেকে অন্যায় কাজে বাধা দেওয়ার অঙ্গীকার করতে হবে।
একইভাবে পরনিন্দা ও পরচর্চা থেকে বিরত থেকে সমাজে পরচর্চাকারীদের প্রতি ঘৃণার পরিবেশ সৃষ্টি করতে হবে। আর ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ধর্ম ও সমাজকে প্রাধান্য দিতে হবে। তবেই আদর্শ সমাজের রুপকার হওয়ার স্বপক্ষে আমরা দেখতে পাব।
আমরা যদি এই প্রত্যয়গুলো প্রত্যেকে মেনে চলতে পারি, তাহলে আলোকিত সমাজ গড়ার পথ আমাদের জন্য সুগম হয়ে আসবে এবং আমাদের সমাজের প্রতিটি মানুষের জীবন হবে আলোকিত জীবন, যার পরিণতি হলো বেহেশত।
বিশ্বের মহাপুরুষগণ এবং মা ফাতেমা (আ.) এই তিন শ্রেণির লোকদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। যার ফলে মা ফাতেমার (আ.) সম্পত্তি বাগে ফাদাক ছিনিয়ে নেওয়া হলেও সেদিন কেউ প্রতিবাদ করেনি। কারণ মানুষের মাঝে ন্যায়-অন্যায়ের কোনো পার্থক্য ছিল না। আর যখন ধর্মীয় স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাবে, তখন আর মা ফাতেমার (সা.আ.) মতো মহান ব্যক্তির ডাকেও কেউ সাড়া দেবে না! পরনিন্দা ও অপবাদের দৌরাত্ম্য এত বেশি ছিল যে, মহানবীর জামাতা ইমাম আলী (আ.) মসজিদে শহীদ হওয়ার খবর শুনে সিরিয়ার রাজধানী দামেস্কের লোকেরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করতে থাকে, “আলী কি নামাজ পড়তেন? তাহলে মসজিদে কী করছিলেন?”
যেদিন তথাকথিত মুসলমানরা মহানবীর উত্তরসূরির মাকাম ইমাম আলী (আ.) থেকে ছিনিয়ে নিয়েছিল, সেদিনও কেউই রক্ষায় এগিয়ে আসেনি! মা ফাতেমার (আ.) ঘরে আগুন জ্বললেও সেদিন তাঁরা কোনো সাহায্যকারী পাননি!
অতএব, যদি আমরা চাই ইতিহাসের ওই নিকৃষ্টতম অধ্যায়গুলো, যার কারণে মা ফাতেমা (আ.) থেকে শুরু করে সমস্ত ইমাম শহীদ হয়েছেন, তার পুনরাবৃত্তি আর না হোক, তাহলে উপরের তিনটি বিষয়ে আমাদের অতিশয় সতর্ক হতে হবে। বিবেক ও বিচক্ষণতার ভিত্তিতে সামাজিক কাজে পা বাড়াতে হবে, যাতে কেউ অতীতের মতো অপপ্রচার করে ধর্মীয় ব্যক্তিত্ব বা ধর্মের খাদেমদের চেহারাকে কলঙ্কিত করার সাহস না পায়। সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে।
মা ফাতেমার (আ.) কবর আজ আমাদের কাছে অজানা রয়ে গেছে। তিনি নিজেই চেয়েছেন যে, তা অজানা থাকুক। তাহলে বুঝুন, কতখানি কষ্ট তিনি পেয়েছেন! একজন মানুষ কখন বলেন যে, আমার কবরটি অজানা রেখো! আমার মনে হয়, যখন তিনি দেখেন যে, তাঁর সবাই থাকতে কেউই নেই। কেননা, তিনি কান্নার মধ্য দিয়ে নিজের কাছে মদিনাবাসীদের ডেকে আনার চেষ্টা করেছেন, যাতে মানুষেরা এসে তাঁকে প্রশ্ন করেন, “কেন বিবি এত কাঁদছেন?” আর তিনি এই সুযোগে ওই তিন শ্রেণির মানুষের খিয়ানতের কথা বলতে পারেন। কিন্তু সেদিন শুধু যে তাঁর কাছে কেউই আসেনি, তা নয়; বরং তাঁরা তাঁকে জনবসতি থেকে বের হয়ে জনবসতিশূন্য এলাকায় গিয়ে কাঁদতে পরামর্শ দেন! হায় আফসোস! হায় আফসোস!
মা ফাতেমার (সা.আ.) অসিয়তনামা: ইমাম আলী (আ.) মা ফাতেমার (সা.আ.) মাথা কোলে আঁকড়ে ধরে বললেন, “হে ফাতেমা, তুমি অসিয়ত করো। তুমি যা কিছু অসিয়ত করবে, আমি সবই পালন করব।”
ফাতেমা (সা.আ.) বললেন, “হে আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আল্লাহ তোমাকে অনেক কল্যাণ দান করবেন।”
“যারা আমার প্রতি জুলুম করেছে, আমার অধিকার হরণ করে নিয়েছে, তারা যেন আমার গোসলের সময় বা জানাজায় অংশগ্রহণ না করে। কেননা তারা আমার পিতা ও আমার শত্রু। তাদের কেউই যেন আমার জানাজার নামাজে উপস্থিত না হয়। শুধু তারাই নয়, বরং তাদের অনুসারী ও সহযোগীরাও যেন না আসে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন আমাকে মাটি দেবে।”
(এখানে সময়ের অভাবে সংক্ষিপ্ত আকারে অসিয়তনামাটি আনা হয়েছে।) সূত্র: বিহারুল আনওয়ার, ৪৩ খণ্ড, ১৯ নম্বর পৃষ্ঠা, ২০ নম্বর হাদিস।
