ফেরেশতাদের অবতরণ সম্পর্কে অতীত জাতিসমূহের অমূলক দাবি
নবীগণ (আ.) এমন স্পষ্ট স্লোগান ও অকাট্য নিদর্শনাবলি নিয়ে আসতেন, কিন্তু যারা তাঁদেরকে গ্রহণ করেনি তারা কী বলত? তাদের প্রতিক্রিয়া কী ছিল? তাদের এ প্রতিক্রিয়া সম্পর্কে কুরআনে বলা হয়েছে, তারা বলত, ‘মানুষ কি আমাদেরকে পথ প্রদর্শন করবে?’ তারা তাদের আকল ও বুদ্ধি-বিবেচনাকে ব্যবহার না করে এবং সুস্পষ্ট সত্যকে গ্রহণ না করে বলত: একজন মানুষ কি আমাদের পথ দেখাবে? তারা আশা করেছিল যে, কেউ যদি তাদের কিছু শেখাতে চায়, সে যেন অন্য পৃথিবী থেকে এসে তাদের শেখায়! এ ধরনের আশা হচ্ছে আত্ম-অবহেলা, আত্ম-অপমানের পরিচয়। বস্তুত জাতিগুলোর অধঃপতনের অন্যতম লক্ষণ হচ্ছে তারা নিজেদেরকে মেনে নেয় না। আমাদের মধ্যে কেউ যদি কিছু বলে, কিছু করে অথবা সঠিক কোনো বিষয় তুলে ধরে তবে হয়তো তার প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে ওঠে না; তাকে অবশ্যই অন্য জগৎ থেকে আসতে হবে! পূর্ববর্তী প্রজন্মের কাফিররা বলত যে, কোনো ফেরেশতা, কোনো রাজা অথবা কোনো জিন এসে আমাদের কিছু শেখাবে; বিংশ শতাব্দীর পশ্চাদপদ দেশগুলোতে কাফির এবং অজ্ঞরাও একই পরিস্থিতির শিকার। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, তারা বলে যে, সীমান্তের বাইরে থেকে তথা পশ্চিমা কোনো উন্নত দেশ থেকে কেউ এসে আমাদেরকে শেখাবে। এটা এমনই এক মানসিকতা ও এমনই এক সংস্কৃতি যা শয়তানি চক্র মানুষের উপর চাপিয়ে দেয় এবং তারা চায় যে, এ সংস্কৃতি যাতে মানুষের মধ্যে বিদ্যমান থাকে। নবী-রাসূলদের সময়েও একই অবস্থা বহাল ছিল। নবীরা যখন আগমন করতেন, তখন তাঁরা হক ও সত্য নিয়ে আসতেন, মানুষের চলার পথকে প্রশস্ত করতেন। কিন্তু এটা ছিল ক্ষমতাশালী ব্যক্তি এবং সমাজের অত্যাচারীদের স্বার্থের পরিপন্থী। ফলে তারা মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগাত এবং মানুষকে বলত, “আশ্চর্য! এ তো আমাদের মতোই একজন মানুষ; যদি একজন ফেরেশতা এসে বলত, আমরা তা মেনে নিতাম।” তারা জানত যে, এ দায়িত্বে কখনও ফেরেশতা আসবে না। কেননা, এটা স্পষ্ট ছিল যে, ফেরেশতাদেরকে মানুষের কাছে পাঠানো হয় না।
এ কারণেই কুরআনের একটি আয়াতে বলা হয়েছে,
“যদি ভূপৃষ্ঠে ফেরেশতারা বিচরণ করত, তবে আমরা তাদের জন্য আকাশ থেকে কোনো ফেরেশতাকেই রাসূল করে অবতীর্ণ করতাম।”সূরা বনী ইসরাঈল : ৯৫৯৫
1
