ভূমিকা: ইসলামের আধ্যাত্মিক জীবনব্যবস্থায় মাহে রমযান এক অনন্য ও বরকতময় সময়। যেমন বসন্তকাল প্রকৃতিকে নতুন প্রাণে সজীব করে তোলে, তেমনি রমযান মানুষের অন্তর, চরিত্র ও আত্মাকে পবিত্রতা ও সংশোধনের পথে নবজীবন দান করে। এ মাস আল্লাহু তাআলার বিশেষ অনুগ্রহের মাস, যেখানে বান্দার আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ নিহিত রয়েছে।
রোযার প্রধান উদ্দেশ্য:
রমযান মাসের প্রবর্তন বা রোযা সাধনার প্রধান উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, অর্থাৎ আল্লাহ্ভীতি অর্জন ও আত্মসংযম গড়ে তোলা। আল্লাহু তাআলা পবিত্র কুরআনে বলেন: “হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” (সূরা বাকারা: ১৮৩।)
এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে, রোযা নিছক উপবাস নয়; বরং এটি আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক পরিশুদ্ধির এক কার্যকর প্রশিক্ষণ। ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে মানুষ নিজের প্রবৃত্তিকে দমন করতে শেখে এবং হারাম থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করে।
তাকওয়ার উদাহরণ: বিভিন্নভাবে তাকওয়ার উদাহরণ দেয়া যেতে পারে যার একটি হচ্ছে এরূপ: ধরুন আপনি কোনো গন্তব্যে পৌঁছার জন্যে পথে রওনা করেছেন। কিন্তু গন্তব্যে পৌঁছার পূর্বেই একদিকে, দিন ফুরিয়ে সন্ধ্যা নামতে লেগেছে; অপরদিকে, আপনাকে লক্ষ্য করেই কোনো হিংস্রপ্রাণী (যেমন সিংহ) আপনার পিছন দিকে হতে তেড়ে আসছে যা আপনার নিকট পৌঁছা মাত্রই আপনার কল্লা মটকাবে এবং আরেক দিকে, আপনার সামনের পথ খুবই কণ্টকাকীর্ণ, অর্থাৎ কাঁটাযুক্ত গাছের ডাল-পালা আপনার পথের ডানে-বামে ও উপরাংশে ছেয়ে আছে যা আপনি সামান্যতম অসতর্ক হলেই আপনার শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলবে এবং এই পথ ব্যতীত আপনার সামনে কোনো বিকল্প পথও নেই! এখন আপনার তৃমুখী বিপদ: বিলম্ব করলে রাত ঘনিয়ে আসবে, হিংস্রপ্রাণী পৌঁছে যাবে এবং কাঁটাযুক্ত পথ ব্যতীত অপর কোনো পথও নেই! কাজেই, আপনার করণীয় হবে খুবই সতর্কতার সঙ্গে সামনে অগ্রসর হয়ে গন্তব্যে পৌঁছা, অন্যথা বিপদ আপনাকে গ্রাস করে ফেলবে।
এই উদাহরণে ‘দিন’ হচ্ছে আপনার জীবনকাল যা প্রতিক্ষণেই কমে আসছে। ‘হিংস্রপ্রাণী’ হচ্ছেন হযরত আজরাঈল (আ.) যিনি ক্ষণে ক্ষণে আপনার দিকে এগিয়ে আসছেন। আর ‘কণ্টকাকীর্ণ পথটি’ হচ্ছে আপনার দুনিয়াবী নানান ঝঞ্ঝাট যা সারাক্ষণ আপনাকে ইচ্ছায়-অনিচ্ছায় বিভিন্ন বিপদে নিপতিত করেছে, করছে ও করবে। আর এসবের মধ্য দিয়েই আপনাকে চূড়ান্ত গন্তব্য পানে এগুতে হবে যা হচ্ছে আপনার পরকালীন জীবন। কাজেই, আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে।
আত্মার খাদ্য কুরআন নাযিলের মাস এটি:
রমযান হচ্ছে কুরআন নাযিলের মাস যা মানবজাতির জন্যে হিদায়েত ও পথনির্দেশ। আল্লাহু তাআলা বলেন: “রমযান সেই মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে যা মানুষের জন্যে হিদায়েত এবং সুস্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারী।” (সূরা বাকারা: ১৮৫।)
কুরআনের তিলাওয়াত, অনুধাবন ও বাস্তব জীবনে প্রয়োগ মানুষের অন্তরকে আলোকিত করে এবং আত্মাকে সংশোধনের পথে পরিচালিত করে। তাই রমযানে কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন আত্মসংশোধনের এক অপরিহার্য উপায়।
রোযা ও আত্মসংযম, চরিত্র গঠনের মাধ্যম:
আল্লাহর রসুল (সা.) রোযার প্রকৃত শিক্ষা সম্পর্কে বলেন: “যে ব্যক্তি মিথ্যা কথা ও তদনুযায়ী কাজ করা পরিত্যাগ করে না, তার পানাহার পরিত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই।” (সহীহ বুখারী।)
এই হাদীস থেকে বোঝা যায় যে, রোযা শুধু শারীরিক ইবাদতই নয়; বরং এটি চারিত্রিক সংশোধনের মাধ্যমও বটে। মিথ্যা, গীবত, হিংসা, ক্রোধ ও অশ্লীলতা পরিহার করাই রোযার প্রকৃত দাবি।
রমযান, গুনাহ মাফ করিয়ে নতুনত্ব শুরুর সুযোগ:
রমযান আত্মসংশোধনের পাশাপাশি গুনাহ মাফের এক সুবর্ণ সুযোগ। আল্লাহর রসুল (সা.) বলেন: “যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমযানে রোযা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়।” (সহীহ বুখারী ও মুসলিম।)
এই ক্ষমার প্রতিশ্রুতি মানুষকে অতীতের ভুল থেকে ফিরে এসে নতুনভাবে আল্লাহর পথে চলার প্রেরণা দেয়। তাই রমযান হচ্ছে আত্মার বসন্তকাল যেখানে শুকিয়ে যাওয়া হৃদয় ঈমান ও আমলের ফুলে-ফলে সুশোভিত হয়।
উপসংহার
পরিশেষে বলা যায়, মাহে রমযান কেবল একটি নির্দিষ্ট সময়ের ইবাদত নয়; বরং এটি সারাজীবনের জন্যে আত্মসংশোধনের এক প্রশিক্ষণকাল। যে ব্যক্তি রমযানের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তার চরিত্রে নৈতিক সৌন্দর্য ও আত্মিক পরিশুদ্ধতা স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। মহান আল্লাহ আমাদের সকলকে রমযানের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আত্মসংশোধনের এই বসন্তকালকে সার্থক করার তাওফিক দান করুন!
110
আগের পোস্ট
