শাবান মাসের বিশেষ দরুদ
শাবান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্যে অনেক বিজ্ঞ ও ধর্মপ্রাণ মুসলমান একটি বিশেষ সালাওয়াত বা দরুদ পড়ে থাকেন। এটি দরুদে শাবান নামে পরিচিত এবং রাসূল (স.)’র আহলে বাইত ইমাম জয়নুল আবেদিন বিন হুসাইন বিন আলী (আ.) এই দরুদের রচয়িতা। তাঁর হৃদয়ের গভীর থেকে প্রেমার্ত কণ্ঠে উচ্চারিত হয়েছিল:
হে আল্লাহ, আপনার দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদ ও তাঁর বংশের ওপর যারা নবুওতের বৃক্ষস্বরূপ,যারা ফেরেশতাগণের আসা-যাওয়ার কেন্দ্র; যারা জ্ঞান ও প্রজ্ঞার খনি এবং যারা আল্লাহর প্রত্যাদেশপ্রাপ্ত মহা পুরুষগণের পবিত্র বংশ। হে আল্লাহ আপনার দরুদ বা শান্তি বর্ষিত হোক মুহাম্মদ ও তাঁর বংশের ওপর যারা মারেফাত বা আধ্যাত্মিক জ্ঞান সাগরের জাহাজস্বরূপ। আর যারা ঐ জাহাজে আরোহণ করবে, তারা ভ্রান্তিতে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা পাবে,আর যারাই এই জাহাজে আরোহণ করবে না তারা ধ্বংসের সাগরে নিমজ্জিত হবে। যে কেউ তাঁদের অর্থাৎ আহলে বাইতের চেয়ে আগ বাড়িয়ে চলার চেষ্টা করবে সে ধর্ম থেকে বের হয়ে যাবে, আর যে কেউ তাদের থেকে পিছনে থাকবে তার প্রচেষ্টা পন্ড শ্রমে পরিণত হবে, আর যে কেউ মহানবীর (সা.) আহলে বাইতের আদর্শের পথে থাকবে সে তাঁদের সাথে মিলিত হবে। হে আল্লাহ আপনার দরুদ বা শান্তি বর্ষিত হোক মুহাম্মদ ও তাঁর বংশের ওপর, যারা নিরাপত্তার সুদৃঢ় দুর্গ বা বেষ্টনী, অসহায় দু:স্থ ও আশ্রয়প্রার্থী লোকদের ফরিয়াদে সাড়া দানকারী এবং যারা চারিত্রিক পবিত্রতা রক্ষায় আগ্রহী ব্যক্তিদের প্রহরী।
হে আল্লাহ, আপনার দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র বংশের ওপর এবং তাঁদের ওপর এত বেশি দরুদ বর্ষিত হোক যাতে তাঁরা যেন সন্তুষ্ট হন ও আমাদের ওপর তাঁদের যে হক বা অধিকার রয়েছে তা যেন এতে আদায় হয়। হে জগতসমূহের প্রতিপালক প্রভু, সমস্ত শক্তির মালিক শুধু আপনি।
হে আল্লাহ, আপনার দরুদ বা শান্তি বর্ষিত হোক মুহাম্মদ ও তাঁর বংশের ওপর। যারা পবিত্র,সতকর্মশীল এবং আল্লাহ মনোনীত বিশ্বের শ্রেষ্ঠ মানব। আল্লাহ তাঁদের অধিকার রক্ষা করাকে আমাদের ওপর ওয়াজিব করে দিয়েছেন তেমনি তাঁদের প্রতি আনুগত্যের এবং তাঁদেরকে ভালবাসার নির্দেশ দিয়েছেন যা অবশ্যই পালনীয় বা ফরজ।
হে আল্লাহ, আপনার দরুদ ও শান্তি বর্ষিত হোক মুহাম্মদ ও তাঁর বংশের ওপর; আমাদের অন্তরকে তাঁদের আনুগত্যে আলোকিত এবং ভরপুর করুন। আমাদেরকে বিদ্রোহী তথা খোদাদ্রোহী হিসেবে কলঙ্কিত করবেন না। আর আমাদের রিজিক এতটা বাড়িয়ে দিন যতটা আপনি আমাদের অনুগ্রহ করেছেন। যাতে দরিদ্ররাও এর থেকে তাদের অংশ নিতে পারে ও এরফলে আমরা আপনার ন্যায় বিচারকে তুলে ধরতে পারি।
হে আল্লাহ, আমাদেরকে আপনার ন্যায়বিচারের ছায়ায় বা আশ্রয়ে জীবিত রাখুন এবং এই মাস নবীগণের নেতা তথা আপনার রাসূল হযরত মোহাম্মদ (স.)র মাস, যে মাসকে আপনি রহমত ও সন্তুষ্টিতে ভরপুর করেছেন। রাসূল (স.)র ওপর ও তাঁর বংশের ওপর আপনার দরুদ বা শান্তি বর্ষিত হোক। যিনি এই মাসে অনেক ইবাদত সাধনা করেছেন নামাজ পড়ে ও রোজা রেখে দিনে এবং রাতে। এই মাসে তিনি অর্থাৎ রাসূল (স.) বিনম্র হয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছেন এবং এ কারণেই তিনি এই শাবান মাসকে মাসটির শেষ দিন পর্যন্ত ভালবেসেছেন ও শ্রদ্ধা করেছেন। হে আল্লাহ,আপনিও আমাদেরকে তার সুন্নাত বা আদর্শের অনুসারী হতে সাহায্য করুন এবং আমাদের জন্য তাঁর শাফায়াত নসীব করুন।
হে আল্লাহ, মহানবী (স.) কে আমাদের জন্য এমন শাফায়াতকারী করুন যার শাফায়াত বা সুপারিশ কবুল করা হবে। আমাদের জন্যে সঠিক পথ প্রশস্ত করে দিন যে পথ আপনার দিকে গেছে। আমাদেরকে মহানবী (স.) র অনুসারী করুন যাতে বিচার দিবসে আপনি আমাদের গোনাহগুলো লক্ষ্য না করেন, বরং হে আল্লাহ, আমাদের জন্যে আপনার দয়া অবধারিত করুন, আমাদেরকে চিরস্থায়ী বেহেশত যা সৎকর্মশীলদের আবাসস্থল, তাতে আবাস দান করুন।
292
আগের পোস্ট
