শিয়া সমাজের একাদশ ইমাম ইমাম হাসান আসকারি (আ.)-এর জীবন ছিল রাজনৈতিক দমননীতি, সামাজিক সংকট ও চিন্তাগত বিভ্রান্তির যুগে আলোকবর্তিকা স্বরূপ। মাত্র ২৮ বছরের সংক্ষিপ্ত জীবনে (হিজরি ২৩২–২৬০) তিনি এমন ঐতিহাসিক ও আধ্যাত্মিক ভ‚মিকা রেখে গেছেন, যা শুধু তাঁর সমসাময়িক সময়কেই নয়, বরং পরবর্তী যুগকেও গভীরভাবে প্রভাবিত করেছে। বিশেষত, তিনি শিয়াদেরকে গায়বাতের যুগে ইমাম মাহদী (আ.ফা.)-এর নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত করেছিলেন, যা তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
রাজনৈতিক পরিস্থিতি ও বাধ্যতামূলক আবাসন
ইমাম হাসান আসকারি (আ.) আব্বাসীয় খলিফাদের কঠোর নজরদারি ও দমননীতির অধীনে জীবনযাপন করেন। তাঁকে সামরিক শহর সামারা’র আসকার অঞ্চলে বাধ্যতামূলকভাবে বসবাস করতে হতো। এখান থেকেই তাঁর উপাধি “আসকারি”। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার তাঁকে শাসকের দরবারে হাজির হতে হতো, যাতে নিশ্চিত করা যায় যে তিনি মদীনা বা কুফায় ফিরে যাননি।
শাসকেরা ইমামের শিক্ষামূলক ও সামাজিক প্রভাবকে নিয়ন্ত্রণ করতে চাইত। তবুও তিনি গোপনে শিয়াদের নেতৃত্ব প্রদান, তাদের ঐক্য বজায় রাখা এবং ইসলামী জ্ঞান প্রচারে অবিচল ছিলেন।
ইমামত ও সমাজের ভেতরের চ্যালেঞ্জ
ইমাম আসকারি (আ.)-এর সময় শিয়া সমাজ নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল
মতাদর্শিক বিভাজন: আল্লাহর গুণাবলী ও দেহগত অস্তিত্ব নিয়ে বিতর্ক, কালাম ও ফিকহভিত্তিক মতপার্থক্য।
ইমামত বিষয়ে বিভ্রান্তি: কেউ তাঁর ভাই জাফর ইবনে আলীকে ইমাম দাবি করত, আবার কেউ তাঁর প্রয়াত ভ্রাতা সাইয়্যেদ মুহাম্মদের প্রতি বিশ্বাসী ছিল। ইমাম নিজেই বলেছেন: “কোনো ইমামের ইমামত নিয়ে আমার মতো এত সন্দেহ প্রকাশ করা হয়নি।” তবে অধিকাংশ শিয়া ইমাম হাদী (আ.)-এর নির্দেশনায় তাঁর ইমামতে দৃঢ় থাকে।
রাজনৈতিক বিদ্রোহ: বিভিন্ন আলাভি ও অন্যান্য দল নিজেদের স্বার্থে শিয়াদের ব্যবহার করতে চাইত। এ পরিস্থিতিতে ইমাম (আ.) ধৈর্য ও দূরদৃষ্টির মাধ্যমে শিয়াদেরকে সঠিক পথে রাখেন।
শিয়াদের সাথে সম্পর্ক বজায় রাখার কৌশল
সরাসরি যোগাযোগ সীমিত থাকায় ইমাম আসকারি (আ.) বিশেষ কৌশলে শিয়াদের সঙ্গে সম্পর্ক রক্ষা করেন
চিঠিপত্র: প্রভাবশালী শিয়াদের উদ্দেশ্যে নিয়মিত চিঠি লিখতেন। এসব চিঠিতে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক দিকনির্দেশনা দিতেন।
দূত প্রেরণ: বিশ্বস্ত ব্যক্তিদের বিভিন্ন অঞ্চলে পাঠাতেন, যাতে তারা জনগণের সমস্যার সমাধান করতে পারে এবং ইমামের বাণী পৌঁছে দিতে পারে।
প্রতিনিধি বা উকিল নেটওয়ার্ক: “উকালাত সংগঠন”-এর মাধ্যমে শিয়াদের আর্থিক ও ধর্মীয় বিষয় সমাধান করা হতো। এরা খুমস ও অন্যান্য অনুদান সংগ্রহ করে ইমামের কাছে পৌঁছে দিত এবং জনগণকে সঠিক দিকনির্দেশনা দিত।
সরাসরি সাক্ষাৎ: কিছু শিয়া ইমামকে দেখতে দারুল-খিলাফার পথে অপেক্ষা করত, তবে পরবর্তীতে সরকার এ সুযোগও সীমিত করে দেয়।
শিষ্য তৈরি ও জ্ঞান প্রচার
ইমাম (আ.) জানতেন যে তাঁর উপস্থিতি সীমিত থাকবে। তাই তিনি সচেতনভাবে শিষ্য গড়ে তোলেন, যারা শুধু নিজেরাই শিক্ষিত হতো না, বরং অন্যদের মধ্যেও আহলে বাইতের (আ.) জ্ঞান ছড়িয়ে দিত। এরা পরবর্তীতে গায়বাতের যুগে ইমাম মাহদী (আ.ফা.)-এর নেতৃত্ব গ্রহণের জন্য শিয়া সমাজকে প্রস্তুত করে।
উল্লেখযোগ্য শিষ্য ও প্রতিনিধি:
উসমান ইবনে সাঈদ আমরি: প্রধান প্রতিনিধি, পরে গায়বাত সুগ্রা (স্বল্পকালীন গায়বাত) যুগে ইমাম মাহদী (আ.ফা.)-এর প্রথম নায়েবে পরিণত হন।
মুহাম্মদ ইবনে উসমান: উসমান ইবনে সাঈদের সন্তান, তিনিও উকিল হিসেবে দায়িত্ব পালন করেন।
আহমদ ইবনে ইসহাক আশআরি: কোম শহরের প্রতিনিধি, জনগণের প্রশ্ন ও খুমস পৌঁছে দিতেন।
আহমদ ইবনে মুহাম্মদ বরকী: আল-মাহাসিন গ্রন্থের রচয়িতা।
আবু হাশিম দাউদ ইবনে কাসিম জাফারি ও আবু সাহল নৌবাখতি: বিশিষ্ট শিয়া বুদ্ধিজীবী ও লেখক।
শায়খ ত‚সীর মতে, ইমাম আসকারি (আ.)-এর একশোরও বেশি বিশেষ শিষ্য ছিলেন।
ইমামের জীবনের শিক্ষণীয় দিক
ইমাম আসকারি (আ.)-এর জীবন শিয়াদের জন্য চারটি বড় শিক্ষা দেয়:
ঐক্য ও সংহতি বজায় রাখা।
বৌদ্ধিক ও সাংস্কৃতিক প্রশ্নের সমাধান।
আর্থিক সহায়তা ও ন্যায়নিষ্ঠ অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা।
গায়বাতের যুগের জন্য মানসিক ও সাংগঠনিক প্রস্তুতি।
উপসংহার
ইমাম হাসান আসকারি (আ.)-এর সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ জীবন কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়, বরং শিয়া সমাজের মানসিক, সাংস্কৃতিক ও সামাজিক পরিচয় গঠনের ভিত্তি। আব্বাসীয় খলিফাদের কঠোর শাসন সত্তে¡ও তিনি দূরদৃষ্টি, প্রজ্ঞা ও ধৈর্যের মাধ্যমে এমন এক প্রজন্ম তৈরি করেন, যারা ইমাম মাহদী (আ.ফা.)-এর গায়বাতের যুগে সমাজকে সঠিকভাবে নেতৃত্ব দিতে সক্ষম হয়। তাঁর জীবন তাই আজও শিয়াদের জন্য ধৈর্য, প্রজ্ঞা ও নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
194
আগের পোস্ট
